হেলমেট নয়, যেন প্লাস্টিকের বাটি: রাইড শেয়ারে বাড়ছে মৃত্যুঝুঁকি
দুপুর আড়াইটা। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলে উঠলেন বেসরকারি চাকরিজীবী নাজমুল আহমেদ। চালক এগিয়ে দিলেন ধুলোমাখা, হালকা একটি প্লাস্টিকের হেলমেট। সেটি হাতে নিয়েই ভ্রু কুঁচকে ফেললেন নাজমুল। ভেতরের ফোম থেকে আসছে তীব্র ঘামের দুর্গন্ধ। চালকের অনুরোধ সত্ত্বেও হেলমেটটি মাথায় না তুলে কনুইয়ে ঝুলিয়ে রেখে বললেন, “সারাদিন কত মানুষ এই ঘামানো হেলমেট পরেছে কে জানে! এটা মাথায় দিলে ঘাম আর ময়লায় চুল পড়বে, চর্মরোগও হতে পারে। সামনে ট্রাফিক পুলিশ দেখলে মাথায় তুলে নেব।”
রাজধানীর সড়কে এটি এখন প্রতিদিনের পরিচিত দৃশ্য। একসময় মোটরসাইকেলে হেলমেট পরার প্রবণতা কম থাকলেও ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের কড়াকড়িতে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। কিন্তু জীবন বাঁচানোর এই অপরিহার্য সুরক্ষা উপকরণটি এখনো অধিকাংশ চালক ও আরোহীর কাছে কেবল পুলিশের মামলা এড়ানোর কৌশল হয়েই রয়ে গেছে।

একদিকে রাইড শেয়ারিংয়ের যাত্রীরা ঘামানো, ভেজা ও অপরিচ্ছন্ন হেলমেট পরতে তীব্র অনীহা দেখাচ্ছেন; অন্যদিকে সেই অনীহা আর সস্তায় আইনি ঝামেলা এড়ানোর প্রবণতা থেকে চালকেরাও বেছে নিচ্ছেন ১০০ থেকে ৫০০ টাকা দামের নিম্নমানের প্লাস্টিক হেলমেট। ফলে মাথায় হেলমেট থাকা সত্ত্বেও মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ও স্থায়ী পঙ্গুত্ববরণ কিছুতেই থামছে না।
সরেজমিনে রাজধানীর ফার্মগেট, মিরপুর রোড, আসাদগেট, সায়েন্স ল্যাব ও মালিবাগ এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাত ও সড়কের পাশেই প্রকাশ্যে বিক্রি হচ্ছে মানহীন এসব হেলমেট। বিক্রেতা ও চালকদের ভাষায় এগুলো ‘মামলা ঠেকানোর হেলমেট’ বা ‘প্লাস্টিকের বাটি’।

কয়েকজন রাইড শেয়ারিং চালক জানান, দিনে ১০ থেকে ১৫ জন যাত্রী একই হেলমেট ব্যবহার করায় গরমে সেটি ঘামে ভিজে দুর্গন্ধ হয়ে যায়। ভালো মানের ভারী বা ফুল-ফেস হেলমেট পরতে গেলে যাত্রীরা আরও বেশি গরমের অভিযোগ করেন এবং পরতে চান না। আবার হাত থেকে পড়ে বা চুরি হয়ে যাওয়ার ভয়েও চালকেরা দামি হেলমেট কিনতে আগ্রহী নন। যাত্রীদের স্বাস্থ্যগত অস্বস্তি ও চালকদের খরচ বাঁচানোর এই টানাপোড়েনে শেষ পর্যন্ত ঝুঁকির মুখে পড়ছে দু’জনেরই জীবন।
আইনগত দিক থেকে মোটরসাইকেলে হেলমেট ব্যবহারের নির্দেশনা বেশ কঠোর। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯-চ ধারায় চালক ছাড়া মোটরসাইকেলে একজনের বেশি আরোহী বহন নিষিদ্ধ করা হয়েছে এবং চালক ও আরোহী-দু’জনের জন্যই যথাযথভাবে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। এই বিধান লঙ্ঘন করলে অনধিক তিন মাসের কারাদণ্ড, অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক এক পয়েন্ট কাটার বিধান রয়েছে।
এই আইনের প্রভাবে সড়কে হেলমেট ব্যবহারের হার বেড়েছে ঠিকই, তবে প্রশ্ন উঠেছে পুলিশের জরিমানা ও মামলার হার এখন বেড়েছে নাকি কমেছে? ট্রাফিক পুলিশ ও সড়ক সংশ্লিষ্টদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, কয়েক বছর আগের তুলনায় একেবারে হেলমেট না পরার দায়ে মামলার সংখ্যা কিছুটা কমেছে। কারণ, ২০২১ সালে বিশ্বব্যাংক ও বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) যৌথ গবেষণাতেই উঠে এসেছিল যে ঢাকায় মোটরসাইকেলের ৯৮ শতাংশ চালক ও আরোহী হেলমেট ব্যবহার করেন। কিন্তু এর আড়ালে থাকা ভয়াবহ বাস্তবতা হলো, এর মধ্যে মাত্র ৮ শতাংশ পরেন নিরাপদ ফুল-ফেস হেলমেট; বাকি ২৪ শতাংশ ওপেন-ফেস এবং ৬৫ শতাংশ হাফ-ফেস হেলমেট ব্যবহার করেন। অর্থাৎ ৮৯ শতাংশ হেলমেটই মানসম্মত ও নিরাপদ নয়, আর ৩০ শতাংশ চালক কেবল পুলিশের মামলা এড়াতেই এগুলো মাথায় দেন।
মাঠপর্যায়ের এই বাস্তবতায় এখন কৌশল বদলাচ্ছে ট্রাফিক পুলিশ। হেলমেটবিহীন চালকের সংখ্যা কমলেও ঘামানো হেলমেটের অজুহাতে হাতে হেলমেট ঝুলিয়ে রাখা আরোহী এবং মানহীন প্লাস্টিক হেলমেট ব্যবহারকারীদের বিরুদ্ধে নজরদারি ও জরিমানা বাড়ানো হচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানীর মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে মানসম্মত হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, নিম্নমানের হেলমেট ব্যবহার নিরুৎসাহিতকরণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি বিভিন্ন সড়কে সম্প্রতি অনিরাপদ প্লাস্টিক হেলমেট ভেঙে সচেতনতামূলক প্রতীকী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জরিমানার হার প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিছুর রহমান বলেন, আইনের কড়াকড়িতে আগের তুলনায় হেলমেট ছাড়া বের হওয়ার প্রবণতা কমেছে, ফলে কেবল হেলমেট না থাকার সাধারণ মামলা কিছুটা কমে এলেও আরোহীর হেলমেট হাতে রাখা এবং নিম্নমানের হেলমেট ব্যবহারের বিরুদ্ধে আমাদের তদারকি ও জরিমানা এখন আগের চেয়ে বাড়ানো হয়েছে। আগে মান নির্ধারণের আইনি জটিলতা থাকলেও এখন বিএসটিআইয়ের নির্ধারিত মানদণ্ড থাকায় সার্টিফায়েড হেলমেট নিশ্চিতে আমরা সচেতনতা ও আইন প্রয়োগ দুটোই জোরদার করছি।
মানহীন এই হেলমেট যে কতটা ভয়ংকর, তা উঠে এসেছে দুর্ঘটনার পরিসংখ্যানে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, চার চাকার যানবাহনের তুলনায় মোটরসাইকেলে দুর্ঘটনার ঝুঁকি ৩০ গুণ বেশি। বুয়েটের এআরআই-এর পরিসংখ্যান বলছে, দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় ৮৮ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে হেলমেট না পরার কারণে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ২০২৫ সালে মোট দুর্ঘটনার ৩৭.০৪ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। বছরজুড়ে ২ হাজার ৪৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৯৮৩ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২৫ সালে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। সংস্থাটি জানায়, দেশে মোট যানবাহনের ৭১ শতাংশ মোটরসাইকেল। আর মোটরসাইকেলের চালকদের বড় অংশ কিশোর ও যুবক। তারা বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে নিজেরা দুর্ঘটনায় পড়ছেন এবং অন্যদেরও ক্ষতিগ্রস্ত করছেন।
এ বিষয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (নিটোর) স্পাইন ও অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমদাদুল হক জানান, মাথার সুরক্ষার জন্য প্লাস্টিকের শ্রমিক হেলমেট ব্যবহার করা আত্মঘাতী সিদ্ধান্ত, যা যাত্রীকে ভুয়া নিরাপত্তার ভ্রমে ফেলে। আহত রোগীদের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আহত রোগীদের বেশির ভাগই প্লাস্টিক টাইপের হেলমেট পরিহিত ছিলেন। আবার কারো কারো ক্ষেত্রে হেলমেট মাথায় পরিধান না করে মোটরসাইকেলের সামনে ঝুলিয়েও রেখেছিলেন।

রাজধানীতে জনপ্রিয় হয়ে ওঠা রাইড শেয়ারিং খাতে নিম্নমানের হেলমেটের ব্যবহার সবচেয়ে বেশি। চালকদের ভাষ্য অনুযায়ী, মাত্র ২ থেকে ৫ শতাংশ চালক নিজ উদ্যোগে মানসম্মত হেলমেট ব্যবহার করেন। ব্যতিক্রমী এমনই একজন পুরান ঢাকা এলাকার রাইড শেয়ারিং চালক হাফিজ উদ্দিন। নিজের ও যাত্রীর জন্য ভালো মানের হেলমেট কেনার কারণ জানিয়ে তিনি বলেন, আমার মাথার হেলমেটের দাম প্রায় সাত হাজার টাকা। যাত্রীর হেলমেটও একই দামের।
তিনি আরও বলেন, আমি যেহেতু বাইক চালিয়ে উপার্জন করি, সে ক্ষেত্রে নিজের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই আমাকে বাইক চালাতে হবে। প্রথমে আমি কোম্পানির দেওয়া হেলমেট ব্যবহার করতাম। কিন্তু একদিন তা হাত থেকে পড়ে ভেঙে যায়। যে দিন আমার একটা মেয়ে সন্তান হয়েছে, সে দিন মনে হয়েছে, আমার দায়িত্ব আরও বাড়লো। আমাকে আরও সচেতন হতে হবে। আমার মনে হয়েছে, সত্যিকার অর্থেই নিজের নিরাপত্তার জন্য ভালো মানের হেলমেট ব্যবহার করা প্রয়োজন।
রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর সরবরাহ করা হেলমেটের মান এবং যাত্রীদের ঘামানো হেলমেট ব্যবহারের অনীহা প্রসঙ্গে জানতে চাইলে দেশের শীর্ষস্থানীয় একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, চালক ও যাত্রীর নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিটি ট্রিপে দুটি হেলমেট রাখা আমাদের নীতিমালার বাধ্যতামূলক অংশ। চালকেরা স্বাধীন পার্টনার হিসেবে কাজ করায় সবার হেলমেটের মান ও পরিচ্ছন্নতা প্রতিদিন সরাসরি তদারকি করা চ্যালেঞ্জিং হলেও আমরা নিয়মিত সচেতনতামূলক কর্মশালা করছি এবং ভর্তুকি মূল্যে মানসম্মত হেলমেট সরবরাহের উদ্যোগ নিচ্ছি। ঘাম ও পরিচ্ছন্নতার সমস্যা সমাধানে আমরা চালকদের নিয়মিত হেলমেটের ভেতরের প্যাডিং পরিষ্কার রাখা এবং যাত্রীদের জন্য হেলমেট লাইনার বা ক্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছি।
দীর্ঘদিন হেলমেটের নির্দিষ্ট মানদণ্ড নিয়ে আইনি শূন্যতা থাকলেও সম্প্রতি এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ২০২৩ সালের আগস্টে হেলমেটে মানচিহ্ন চালু করে এবং ২০২৪ সালের অক্টোবরে নিরাপদ হেলমেটের মান চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৪ জুলাই বিএসটিআইয়ে হেলমেট টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করা হয়। আমদানিকৃত হেলমেটের মান নিশ্চিতে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া কোনো হেলমেট খালাস না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক মানের ফাইবার গ্লাস, পলিকার্বোনেট বা কার্বন-কেভলার দিয়ে তৈরি ডট (DOT), আইএসও (ISO) বা বিএসটিআই সনদপ্রাপ্ত হেলমেটই প্রকৃত সুরক্ষা দিতে পারে। রাজধানীর বংশাল, বাংলামোটর, ষাট ফিট, মিরপুর ১০ ও উত্তরার বিভিন্ন মোটরবাইক সরঞ্জামের দোকানে আমদানিকৃত প্রায় ২০টি ব্র্যান্ডের মানসম্মত হেলমেট পাওয়া যায়। তবে গেজেট ও টেস্টিং ল্যাব চালু হলেও পর্যাপ্ত প্রচারণা ও খোলা বাজারে তদারকির অভাবে সাধারণ ক্রেতাদের বড় অংশ এখনো এ বিষয়ে অজ্ঞ।
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ প্লাস্টিক হেলমেটে কোনো শক-অ্যাবজর্বার, উন্নত ফোম প্যাডিং বা ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকে না। ফলে সামান্য ধাক্কাতেই এগুলো ভেঙে দুমড়েমুচড়ে যায় এবং ভাঙা প্লাস্টিক মাথা ও চোখে ঢুকে মারাত্মক জখম, মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা তাৎক্ষণিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মানসম্মত হেলমেট যথাযথভাবে ব্যবহার করলে দুর্ঘটনায় মৃত্যুঝুঁকি ৪০ শতাংশ কমে এবং গুরুতর জখম থেকে ৭০ শতাংশ সুরক্ষা মেলে।

সব মিলিয়ে, ঘাম বা অস্বস্তির অজুহাত কিংবা মামলা ঠেকানোর সস্তা প্লাস্টিকের বাটি, কোনোটিই দুর্ঘটনার মুহূর্তে একটি তাজা প্রাণ রক্ষা করতে পারবে না। সড়কে মোটরসাইকেলের মৃত্যুমিছিল থামাতে হলে মানহীন হেলমেট বিক্রি ও আমদানিতে কঠোর অভিযান, রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং যাত্রীদের জন্য নিজস্ব হালকা ও সার্টিফায়েড হেলমেট বা হেড-ক্যাপ ব্যবহারের অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই।
বিভি/বিএস/এসবি/টিটি













মন্তব্য করুন: