• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ’ আয়োজন

প্রকাশিত: ১৯:৪১, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৫, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ’ আয়োজন

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের (সিআইএসএম) ১৭তম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৬। ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৪টি দেশের ১২১ জন সামরিক গলফার ও কর্মকর্তা অংশ নিচ্ছেন। পুরুষ ও নারী এককের পাশাপাশি দলীয় শিরোপার জন্যও লড়বেন প্রতিযোগীরা।

রবিবার (২৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।

আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের (সিআইএসএম) তত্ত্বাবধানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে। এতে অংশ নেওয়া দেশগুলো হলো বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, স্পেন ও শ্রীলঙ্কা।

গত শনিবার (২৮ নভেম্বর) কুর্মিটোলা গলফ ক্লাবে চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের স্বাগত জানান। পাশাপাশি সব খেলোয়াড়কে উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া, সুষ্ঠু ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখা এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক আতিথেয়তা উপভোগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিআইএসএম সংগীতের সঙ্গে সংস্থাটির পতাকা উত্তোলন করা হয়। পরে অংশগ্রহণকারী দলগুলোর মার্চ পাস্ট ও সামরিক ব্যান্ড প্রদর্শনীর মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।

২০২৫ সালের জুনে কেনিয়ায় অনুষ্ঠিত ১৬তম আসরের পর এবার বাংলাদেশে বসেছে এই আন্তর্জাতিক সামরিক গলফ প্রতিযোগিতার ১৭তম আসর। কেনিয়ায় অনুষ্ঠিত আগের আসরে বাংলাদেশ নারী দল রৌপ্য পদক অর্জন করেছিল।

সিআইএসএমের মূলমন্ত্র ‘ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্ব’ (Friendship through Sport) সামনে রেখে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক সদস্যদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আইএসপিআর

বিভি/পিএইচ

মন্তব্য করুন: