আওয়ামী লীগের সব অপরাধের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
অর্থ লুটপাট, গণহত্যা, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব অপরাধের বিচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলার আগে আওয়ামী লীগের নেতাদের নিজেদের অপরাধের জবাব দিতে হবে এবং জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশ থেকে অর্থ লুটপাট করেছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, যারা গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত, তারা এখন দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছে। আগে এসব কর্মকাণ্ডের বিচার হতে হবে। জনগণের কাছে জবাব দিতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে যেসব বেআইনি কর্মকাণ্ড করেছে, গণহত্যা চালিয়েছে, ব্যাংক লুট ও গুমের ঘটনা ঘটিয়েছে, সেগুলোর আগে বিচার হতে হবে। দলটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান। এরপর জনগণ বিবেচনা করবে, এ দেশে আপনাদের রাজনীতি চলবে কি না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আদালতের দেওয়া রায় বাস্তবায়নের পর জনগণই সিদ্ধান্ত নেবে, আপনাদের রাজনৈতিক অবস্থান কোথায় হবে।
সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফটোসাংবাদিকদের ক্যামেরার ধারও সাংবাদিকদের কলমের মতো শক্তিশালী। ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।
ফটোসাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া লিখিতভাবে মন্ত্রণালয়ে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে সরকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অন্যরা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: