• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াত আমিরের

প্রকাশিত: ০৮:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০৮:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াত আমিরের

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারি দলের ‘গডফাদাররা’ জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম পুনরায় চালু করতে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি যেন আবারও দখল না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনিও এ ঘটনায় সরকারের ইন্ধন থাকার অভিযোগ করেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করতে পারে না। স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম পুনরায় চালু করার জন্য ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন জামায়াতের আমীর।

এরপর স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের ইন্ধনেই স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন কোনো প্রভাবশালী মহল ‘কলমের খোঁচায়’ স্বাস্থ্যকেন্দ্রটি দখল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে সোমবার সকালে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।

সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্যকেন্দ্রটিতে লুটপাট ও ভাঙচুরের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে নতুনভাবে বরাদ্দ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রটিকে আরও বড় পরিসরে কমিউনিটি ক্লিনিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত