বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
ছবি: বাসস
বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই একটি অপশক্তি দলটির বিরোধিতা শুরু করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, ওই অপশক্তি দেশের জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে তিনি মনে করেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে আয়োজিত এই সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও বোমাবাজির সঙ্গে যারা জড়িত, তারা সব সময়ই এ ধরনের কর্মকাণ্ড করে। তাঁর দাবি, এসব শক্তি জনগণ, উন্নয়ন ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। তাই দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম খান আরও বলেন, জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রচেষ্টা নস্যাৎ করতে নানা ধরনের চক্রান্ত চালানো হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি দেশ গড়তে চায়। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্রমিক সমাজের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সমাবেশে বক্তারা দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: