নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো জবি ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং দর্শন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিভাগে এসেছিলেন শাকিল। এ সময় তার উপস্থিতির খবর পেয়ে সেখানে যান ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে আটক করেন তারা। এ সময় শাকিলের বান্ধবী ও সহপাঠীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার মোবাইল ফোনও জব্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, শাকিলের মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তার যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, দর্শন বিভাগের ছাত্রলীগের একজন নেতাকে ধরে নিয়ে আসা হয়েছে। পরে জানতে পারি, তিনি বিভাগীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: