• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

যশোরে কৃষকদলের সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা 

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যশোরে কৃষকদলের সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা 

যশোর জেলা কৃষকদলের সমাবেশে নেতৃবৃন্দ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। তারা বলেন, আওয়ামী লীগ মানেই সন্ত্রাসী সংগঠন। যারা দীর্ঘ ১৭ বছর দেশে ত্রাস ও সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছিলো। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, ঠিক তখনই সেই সন্ত্রাসীরা গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। জনগণকে সাথে নিয়ে তারা আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন।

দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের  সন্ত্রাস, নৈরাজ্য ও ফরিদপুরের ভাঙা উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, নড়াইলের কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন এবং একই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মম হত্যার প্রতিবাদে মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে জেলা বিএনপি কার্যালয়ে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, আওয়ামী লীগ কখনোই দেশের ভালো চায় না। সে কারণে বিদেশে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশের শান্তিশৃঙ্খলা নষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণের সাথে শেখ হাসিনার অনেক হিসেব বাকি আছে, সে কারণে আমরা তাকে ফেরত চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে পিলখানার হত্যাকান্ডসহ দীর্ঘ ১৭ বছর হাজার হাজার নিরীহ নিরাপরাধ মানুষকে হত্যার দায়ে আদালত কর্তৃক শেখ হাসিনার ফাঁসির দন্ড নিশ্চিত করতে আমরা তাকে ফেরত চাই। নেতৃবৃন্দ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান এবং রাজনৈতিক ভাবে সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন।

জেলা কৃষকদলের আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মহসিন আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি। সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে এম এম আলী রোড, চিত্রা মোড় ঘুরে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত