গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন জামায়াত নেতা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল কালাম শেখ। কোনো চাপ বা ভয়ভীতি নয়, বরং দায়িত্বে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারায় স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মো. আবুল কালাম শেখ বলেন, আমাকে এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে আমি তিন মাস আগে আমার দায়িত্বশীলদের বলেছিলাম আমি এ দায়িত্ব পালন করতে অপারগ এবং আমি পদত্যাগ করলাম। তবে এ বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় আমি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানালাম। আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।
পদত্যাগের পেছনে কোনো ধরনের চাপ বা বাহ্যিক প্রভাবের বিষয়টি নাকচ করে তিনি আরও বলেন, আমার ওপর কোনো চাপ নেই, কোনো ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে দলটির ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে ব্যাপক তাণ্ডব চালিয়েছে নেতাকর্মীরা। টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার পাশাপাশি বিএনপির একাধিক সংসদ সদস্যের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হচ্ছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যখন অনেকটাই কোণঠাসা অবস্থায় রয়েছেন, ঠিক সেই পরিস্থিতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ার ঘোষণা দিলেন জামায়াতে ইসলামীর এই ইউনিয়ন নেতা।
বিভি/বিএস/এসজি













মন্তব্য করুন: