নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই পুরস্কার, বিএনপি এমপির ঘোষণা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
রবিবার (২৯ নভেম্বর) তার দেওয়া বক্তব্যের ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি বেশ আলোচনায় আসে।
ছড়িয়ে পড়া ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, বিএনপির অনেক নেতা-কর্মী বর্তমানে হাসপাতালে ও বিভিন্ন স্থানে রয়েছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে কাজে লাগিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার দলের নেতা-কর্মীরা দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিতে পারলে তাদের পুরস্কৃত করা হবে।
গত মঙ্গলবার আনোয়ারা উপজেলা পরিষদের হলরুমে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন সংসদ সদস্য। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা-কর্মীরা রাজপথে ছিলেন, এক দিনের জন্যও আত্মগোপনে যাননি। বর্তমানে বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনার নির্দেশনায় দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রকে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন মাহবুবের রহমান শামীম।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, গত ১৭ বছরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে উন্নয়নের পথে ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। ফ্যামিলি কার্ড নিয়ে একসময় অনেকে ব্যঙ্গ করলেও বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এটি বাস্তবায়ন করা হবে।
চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলী আব্বাস। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম গণমাধ্যমকে বলেন, এটি সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনা। যারা আড়ালে থেকে দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: