মুসলিম হিসেবে যতটুকু ইসলামি জ্ঞান জানা জরুরি
ছবি: সংগৃহীত
ইসলাম শুধু কিছু ইবাদতের নাম নয়; বরং একজন মানুষের বিশ্বাস, ইবাদত, চরিত্র ও দৈনন্দিন জীবনযাপনের জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা। তাই একজন মুসলিমের জন্য নিজের ধর্ম সম্পর্কে অন্তত মৌলিক জ্ঞান অর্জন করা জরুরি। কোন বিষয়গুলো বিশ্বাস করতে হবে, কীভাবে নামাজ আদায় করতে হবে, কোন কাজ হালাল বা হারাম, এসব জানা প্রত্যেক মুসলিমের জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
ঈমানের মৌলিক বিষয় জানা
একজন মুসলিমের প্রথম দায়িত্ব হলো ঈমানের মৌলিক বিষয়গুলো জানা। ঈমানের ছয়টি বিষয় হলো; আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ, পরকাল এবং তাকদিরের ভালো-মন্দের প্রতি বিশ্বাস রাখা। কোরআনে আল্লাহ বলেন, ‘রাসুল তাঁর প্রতিপালকের পক্ষ থেকে তাঁর প্রতি যা নাজিল হয়েছে তাতে ঈমান এনেছেন এবং মুমিনরাও।’ (সুরা আল-বাকারা, ২:২৮৫)
ইসলামের পাঁচটি স্তম্ভ
প্রত্যেক মুসলিমের ইসলামের পাঁচটি স্তম্ভ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এগুলো হলো; কালেমা, নামাজ, জাকাত, রোজা এবং সামর্থ্য থাকলে হজ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত।’ এরপর তিনি কালেমা, নামাজ, জাকাত, রোজা ও হজের কথা উল্লেখ করেন। (সহিহ বুখারি, ৮; সহিহ মুসলিম, ১৬)
নামাজের প্রয়োজনীয় জ্ঞান
নামাজ মুসলিম জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তাই শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের সময়, ওজু, নামাজের ফরজ, নামাজ ভঙ্গের কারণ এবং নামাজ আদায়ের সঠিক পদ্ধতি সম্পর্কেও জ্ঞান থাকা প্রয়োজন। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করা হয়েছে।’ (সুরা আন-নিসা, ৪:১০৩)
পবিত্রতা ও ওজু
পবিত্রতা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। ওজু কীভাবে করতে হয়, কোন কারণে ওজু ভেঙে যায় এবং কখন গোসল ফরজ হয়, এসব মৌলিক বিষয় প্রত্যেক মুসলিমের জানা উচিত। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং মাথা মাসেহ করো ও পা টাখনু পর্যন্ত ধুয়ে নাও।’ (সুরা আল-মায়িদা, ৫:৬)
রোজার জরুরি মাসআলা
রমজান মাসে রোজা রাখা মুসলিমের ওপর ফরজ। তাই রোজার নিয়ত, সাহরি, ইফতার, রোজা ভঙ্গের কারণ এবং যাদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে, এসব বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান থাকা জরুরি। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের ওপর।’ (সুরা আল-বাকারা, ২:১৮৩)
হালাল ও হারাম সম্পর্কে জানা
একজন মুসলিমের জন্য কোন খাবার, উপার্জন, লেনদেন ও আচরণ বৈধ আর কোনটি নিষিদ্ধ, তা জানা গুরুত্বপূর্ণ। বিশেষ করে উপার্জনের ক্ষেত্রে হালাল-হারামের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট।’ (সহিহ বুখারি, ৫২; সহিহ মুসলিম, ১৫৯৯)
গুনাহ ও কবিরা গুনাহ সম্পর্কে ধারণা
মিথ্যা বলা, গীবত করা, অপবাদ দেওয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করা, জুলুম করা ও বাবা-মায়ের অবাধ্য হওয়াসহ বিভিন্ন গুনাহ সম্পর্কে মুসলিমের জানা উচিত। কারণ যে ব্যক্তি কোনো কাজের হারাম হওয়ার বিষয়টি জানে না, সে সহজেই তাতে জড়িয়ে পড়তে পারে।
কোরআনে গীবত সম্পর্কে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আল্লাহ বলেন, ‘তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে?’ (সুরা আল-হুজুরাত, ৪৯:১২)
বাবা-মা ও মানুষের হক
ইসলামে শুধু আল্লাহর হক নয়, মানুষের হকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা-মায়ের সঙ্গে ভালো আচরণ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীর অধিকার রক্ষা এবং মানুষের প্রতি অন্যায় না করা, এসব বিষয়ে প্রত্যেক মুসলিমের জ্ঞান থাকা প্রয়োজন। আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক করো না এবং বাবা-মায়ের প্রতি সদাচরণ করো।’ (সুরা আন-নিসা, ৪:৩৬)
তওবা ও ক্ষমা চাওয়ার জ্ঞান
মানুষ ভুল করতেই পারে। তবে গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা জরুরি। তওবার অর্থ শুধু মুখে ক্ষমা চাওয়া নয়; বরং গুনাহ ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় সংকল্প করাও এর অংশ। আল্লাহ বলেন, ‘হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন।’ (সুরা আয-যুমার, ৩৯:৫৩)
দোয়া ও দৈনন্দিন আমল
ঘুম থেকে ওঠা, ঘুমাতে যাওয়া, খাবার খাওয়া, ঘর থেকে বের হওয়া, মসজিদে যাওয়া, দৈনন্দিন জীবনের বিভিন্ন সময়ের দোয়া ও সুন্নাহ সম্পর্কে জানা একজন মুসলিমের জীবনকে আরও সুন্দর করতে পারে।
রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ছিলো মুসলিমদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে।’ (সুরা আল-আহযাব, ৩৩:২১)
আখিরাত সম্পর্কে বিশ্বাস
মৃত্যু, কবর, পুনরুত্থান, হিসাব-নিকাশ, জান্নাত ও জাহান্নাম, এসব আখিরাতের মৌলিক বিষয় সম্পর্কেও মুসলিমের সঠিক আকিদা থাকা জরুরি। কারণ আখিরাতের প্রতি বিশ্বাস একজন মানুষের দুনিয়ার জীবন ও কাজের ওপর গভীর প্রভাব ফেলে। কোরআনে আল্লাহ বলেন, ‘প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।’ (সুরা আলে ইমরান, ৩:১৮৫)
একজন মুসলিমের জন্য ইসলামের প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ হওয়া জরুরি নয়। তবে নিজের ঈমান, ইবাদত ও দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ না জেনে ইবাদত করা যেমন সমস্যার কারণ হতে পারে, তেমনি অজ্ঞতার কারণে মানুষ অনেক সময় হারাম কাজেও জড়িয়ে পড়ে।
তাই প্রত্যেক মুসলিমের উচিত কোরআন-সুন্নাহর নির্ভরযোগ্য জ্ঞান অর্জন করা এবং নিজের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করা। প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল শেখার ক্ষেত্রে যোগ্য আলেম ও নির্ভরযোগ্য ইসলামি গ্রন্থের সহযোগিতা নেওয়াই উত্তম।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: