সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৭ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নেসকো জানিয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা, সাহাপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এরপর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আরও সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময়ে মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি ও ইটাঘাটিসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অর্থাৎ, নির্ধারিত সূচি অনুযায়ী আজ এসব এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটবে।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে নেসকো। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
নেসকো জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনসহ এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: