উচ্ছেদকৃত মাদকের আড্ডার জায়গায় হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক
রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় উচ্ছেদ করা জায়গায় আগামী এক মাসের মধ্যে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফরিদাবাদ সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ফুটপাত ও সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে সরকারি জায়গা দখল করে সেখানে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল। জায়গাটি এলাকায় মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উচ্ছেদের পর দীর্ঘদিনের এই ‘বিষফোঁড়া’ থেকে এলাকাটি মুক্ত হয়েছে।
তিনি বলেন, এখন সেখানে শিশু-কিশোরদের জন্য একটি খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি সংলগ্ন এলাকায় নতুন একটি সড়ক নির্মাণ করা হবে। জায়গা পর্যাপ্ত থাকলে সেখানে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
মো. আবদুস সালাম আরও বলেন, এক মাস পর তিনি নতুন নির্মিত খেলার মাঠটি উদ্বোধন করবেন। উচ্ছেদ অভিযানে সহযোগিতার জন্য ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
এলাকার তরুণ সমাজ ও স্থানীয় বাসিন্দাদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসন ভালো কিছু করতে চাইলে এবং এলাকার মানুষ ঐক্যবদ্ধ হলে অনেক অসম্ভব কাজও সম্ভব করা যায়।
পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করার জন্য বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
উন্নয়নকাজের চিত্র তুলে ধরে প্রশাসক জানান, বর্তমানে ৪৭ নম্বর ওয়ার্ডে ১১ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ, এই একটি ওয়ার্ডেই মোট ১৫ কোটি টাকার উন্নয়নকাজ চলছে।
পরিদর্শনকালে উচ্ছেদ করা স্থানে নিজ হাতে বৃক্ষরোপণ করেন ডিএসসিসি প্রশাসক। পরে বাংলাদেশ ব্যাংক কলোনিতে লার্ভিসাইডিং (মশার লার্ভা ধ্বংস) কার্যক্রমেও অংশ নেন তিনি।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান মো. আবদুস সালাম।অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: