নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-আগুনের খবর মিথ্যা: পুলিশ
ছবি: সংগৃহীত
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যের পেছনে পূর্বে ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ব্যবহারের অভিযোগও করেছে সংস্থাটি।
শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় হিন্দু সম্প্রদায়ের কোনো বসতি নেই। সেখানে হিন্দু পরিবারের ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণের ঘটনাও ঘটেনি। পুলিশ সদর দপ্তর থেকেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরোনো ও এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সাইদ গেট এলাকায় বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্লা (৪০) নিহত হন।
নিহত শাহীন শেখ কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবার নাম নিসার শেখ। বাড়ি উপজেলার মির্জাপুর এলাকায়। অপর নিহত সোহেল মোল্লা কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবার নাম মোতালেব মোল্লা। বাড়ি বড় কালিয়া এলাকায়।
এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে দিপা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা দুজনই বেন্দারচর গ্রামের বাসিন্দা। তাদের বাবার নাম বুলু বিশ্বাস।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত দুজনের ক্ষুব্ধ আত্মীয়স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: