পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিককে জীবনসঙ্গী হিসেবে চেয়ে তরুণীর চিঠি
প্রিয় মানুষ নাজমুলকে জীবনসঙ্গী হিসেবে পেতে মহান আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন এক তরুণী। নাজমুলকে নিয়ে বাকি জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করে তার সুস্থতাও কামনা করেছেন তিনি। এমন আবেগঘন একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলার সময় চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে লেখা হয়েছে, আজকে ১০ রবিউল আউয়াল ১৪৪৮, রোজ শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩। আল্লাহ, আজকের এই দিনে আমি আপনার কাছে একটা দামি জিনিস চাইব। আপনি নাজমুলকে আমার করে দিন। সে ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যেন আমাকে যেতে না হয়। আমি তাঁকে নিয়ে বাকি জীবন কাটাতে চাই। আল্লাহ, আপনি আমার সহায় হন। আপনি তাঁকে সব সময় সুস্থ রাখেন। আমিন।
চিঠির লেখক নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা এবং তাঁর সঙ্গে সারাজীবন কাটানোর স্বপ্নের কথা তুলে ধরেছেন। পাশাপাশি প্রিয় মানুষটির সুস্থতা ও দীর্ঘদিন ভালো থাকার জন্যও প্রার্থনা করেছেন।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া বিভিন্ন চিঠিতে মানুষের নানা আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও ব্যক্তিগত প্রার্থনার প্রতিফলন দেখা যায়।
এদিকে, ৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবার সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ।
এবার ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাংক খোলা হয়েছে। দানবাক্সগুলো পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাংকের সঙ্গে নতুন করে আরও দুটি ট্রাংক যুক্ত করা হয়।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টাকা গণনার কাজে অংশ নিয়েছেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মী। সব মিলিয়ে প্রায় ৬০০ জন এই কাজে যুক্ত রয়েছেন।
বিভি/এনকে/এজেড













মন্তব্য করুন: