কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার থেকে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার
ভিডিও থেকে সংগৃহীত
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে মালয়েশিয়াগামী একটি ফিশিং ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ট্রলারে থাকা মানবপাচারকারীরা পালিয়ে যায়।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি লাবণী পয়েন্টে ভিড়লে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ, র্যাব-১৫ ও কোস্টগার্ডের সদস্যরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই পালিয়ে যায় ট্রলারে থাকা পাচারকারীরা।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ ও লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, তাদের অপহরণের পর একটি ঘরে আটকে রাখা হয়। পরে তাদের ৭০ থেকে ৭২ জনকে একটি ফিশিং ট্রলারে তোলা হয়। চার দিন আগে যাত্রা শুরুর পর থেকেই দালালরা তাঁদের ওপর নির্যাতন চালায়। পাশাপাশি পরিবারের কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভি/এমকে/এজেড













মন্তব্য করুন: