• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিএনপির দুই নেতা নিহতের জের

নড়াইলে অর্ধশতাধিক আ. লীগ নেতাকর্মীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

প্রকাশিত: ১৫:০৭, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:১৭, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নড়াইলে অর্ধশতাধিক আ. লীগ নেতাকর্মীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়িসহ কালিয়া উপজেলার আওয়ামী লীগের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে। কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার দুই দিন পর আওয়ামী লীগের নেতাকর্মীদের এসব বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলো।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কালিয়া উপজেলার বেন্দারচরসহ আশপাশের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করেছে। এতে শতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশ বলছে, ২০টির মতো বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাঁচ-ছয়টিতে অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিলো। ওই হত্যাকাণ্ডের পর ক্ষোভ ও প্রতিশোধের জেরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়ি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেন্দারচর গ্রামে পুড়ে যাওয়া বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর রয়েছে।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শুক্রবার (২১ নভেম্বর) বেলা ৪টার দিকে তারা ওই গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় তারা বাধার মুখে পড়েন। সেসব সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নেভে গিয়েছিল। গ্রামটির অন্তত ২০-২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। এ ছাড়া বড়দিয়াবাজারের বেশ কিছু দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫-২০টি বাড়িতে ভাঙচুর ও কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে যেভাবে সংবাদ ছড়িয়েছে, তার সবটাই পুরোপুরি সত্য নয়। ২০টির মতো বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বলে তারা জেনেছেন। আর বাকি বাড়িঘরগুলো ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল। সেগুলো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর।

এর আগে গত ১৮ নভেম্বর সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হন। বিএনপি নেতাকর্মীরা এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। ওই দুই নেতার মৃত্যুর পর থেকেই কালিয়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: