• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকীর মতবিনিময়, শিক্ষার মান উন্নয়নে নানা প্রস্তাব

প্রকাশিত: ২১:২৮, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:২৯, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকীর মতবিনিময়, শিক্ষার মান উন্নয়নে নানা প্রস্তাব

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালে মুসা, উপজেলা কল্যাণ সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং বাঞ্ছারামপুর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলীসহ অন্যান্য অতিথি।

সভায় শিক্ষকরা উপজেলার মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে নিজেদের মতামত ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তারা বিদ্যালয়ের কার্যক্রম আরও কার্যকর করতে ক্লাস রুটিন পুনর্নির্ধারণের প্রস্তাব দেন। এ ক্ষেত্রে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়সূচি নির্ধারণের সুপারিশ করেন তাঁরা। পাশাপাশি মধ্যাহ্ন বিরতি বাতিল করে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর দাবি জানান। তাদের মতে, মিড ডে মিল চালু হলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হারও বাড়বে।

শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকরা। তারা বলেন, বর্তমান অনুপাত যথাযথ না হওয়ায় পাঠদান ও শিক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় মনোযোগ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। এ ছাড়া শিক্ষার্থীদের শিখন অগ্রগতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তাদের মতে, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিবিড় যোগাযোগ থাকলে শিক্ষার্থীদের ফলাফল ও আচরণে ইতিবাচক পরিবর্তন আসে।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন নির্ধারণ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস পরিচালনায় অর্থ বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন শিক্ষকরা।

অবকাঠামোগত সমস্যা নিয়েও সভায় আলোচনা হয়। বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে সীমানাপ্রাচীর নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানান শিক্ষকরা। আধুনিক ও যুগোপযোগী পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের দাবিও জানান তারা।

শিক্ষকদের বক্তব্য শোনার পর প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী বলেন, শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বাড়ানো হবে। শিক্ষকরা যাতে তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা পান, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হবে এবং প্রতিষ্ঠানভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) বাড়াতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে তাতে অংশ নিতে পারে।

শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। ম্যানেজিং কমিটিকেও যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার উন্নয়নে গৃহীত সব উদ্যোগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিভি/এইচএস/পিএইচ

মন্তব্য করুন: