নড়াইলের হিন্দু সম্প্রদায়ও বলছে, তাদের বাড়িঘরে হামলা হয়নি
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা হত্যার জের ধরে নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও কালিয়া পৌরসভার সাবেক মেয়রের বাড়িসহ ২০/২৫টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ও সন্ধ্যার দিকে উপজেলার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট’ সংক্রান্ত প্রচারিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে জেলা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্বে ধারণকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত ভিডিও চিত্র ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাছে। পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং এ ঘটনায় কোনো হিন্দু পরিবার বা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।
এদিকে কালিয়া পৌরসভার হিন্দু অধ্যুষিত বড়কালিয়া গ্রামের ঘোষপাড়ার বাসিন্দা গোপী ঘোষ ও বিমান ঘোষ বলেন, কালিয়ার ঘোষপাড়ার কারো বাড়িতে হামলা, ভাংচুর বা অগ্নিসংযোগের কোন ঘটনাই ঘটে নাই। যদি বিশ্বাস না করেন তাহলে আরো সামনে গিয়ে দেখেন এখানে কোন ঘটনা ঘটেনি। কে বা কারা ফেসবুকে মিথ্যা ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, গত শুক্রবার বিকেল ৪টার দিকে বেন্দারচর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ফায়ার সার্ভিসের গাড়ি বাধার মুখে পড়ে। পরবর্তীতে সড়ক থেকে গাছ সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান; তবে ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল।
এ বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু বলেন, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় আমাদের শান্তিপূর্ন মিছিলে পতিত স্বৈরাচারের দোসররা হামলা করে আমাদের দুই নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। গত শুক্রবার কেন্দ্রীয় নেতারা এখানে এসে নিহতদের পরিবারের লোকজনকে সান্তনা দেন এবং তাদের কবর জিয়ারত করে চলে যান। আমরা ফেসবুকে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও জ্বালিয়ে দেয়ার যে ভিডিও দিয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। কালিয়া শহর থেকে বেন্দারচর গ্রাম ২/৩কিলোমিটার দূরে অবস্থিত। বেন্দারচর গ্রামে সাবেক এমপির বাসায় বিএনপির কেউ হামলা করেনি। সাবেক এমপির সাথে তার পিতাকে অনেক আগে হত্যার ঘটনা নিয়ে ওই এলাকার প্রতিপক্ষদের সাথে দ্বন্দ্ব আছে। কে কি ঘটিয়েছে আমার জানা নেই।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুটি হত্যাকান্ডের জেরে বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম জানান, নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ২০/২৫টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে যেভাবে ছড়িয়ে দিয়েছে সেটা সঠিক না। এখানে কোন হিন্দু বাড়িতে কোন হামলা বা অগ্নিসংযোগের কোন ঘটনা ঘটেনি। বর্তমানে কালিয়ার পরিবেশ শান্ত আছে।
উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য প্রতিরোধের দাবিতে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। মিছিলটি বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।
এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীনুর শেখ (৪৫) এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় কালিয়া মডেল মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
হত্যাকান্ডের পর শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তাদের সঙ্গে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/টিএল/এজেড













মন্তব্য করুন: