• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

প্যারোলে মুক্তির আবেদনই করেননি যুব মহিলা লীগ নেত্রী, কারাগারেই দেখলেন সন্তানের লাশ

প্রকাশিত: ২৩:৩১, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৩২, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্যারোলে মুক্তির আবেদনই করেননি যুব মহিলা লীগ নেত্রী, কারাগারেই দেখলেন সন্তানের লাশ

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী ছেলে নিসর্গ হোসেন তূর্যর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন তিনি। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী শারমিনকে সন্তানের মরদেহ দেখার জন্য পাঁচ থেকে ছয় মিনিট সময় দেওয়া হয়। পরে মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে জানাজা শেষে তূর্যকে দাফন করা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে তূর্যর মৃত্যু হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। সেখানে শেষবারের মতো সন্তানকে দেখেন বন্দী মা শারমিন সুলতানা।

শারমিনের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। তবে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন তার কাছে করা হয়নি।

শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, প্যারোলে মুক্তির আবেদন করার বিষয়ে তাকে নিরুৎসাহিত করা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত আসামিদের কারাগারের বাইরে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে। তবে সন্তানের মরদেহ দেখানোর অনুমতি চেয়ে তিনি কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। শাহাদাৎ হোসেন বলেন, সন্তানকে জড়িয়ে ধরে কান্নার সময় শারমিন আক্ষেপ করে বলছিলেন, ‘আমাকে ছাড়া তোমরা কয়েকটা দিন তূর্যকে ধরে রাখতে পারলে না।’

শারমিনের ছোট বোন শাম্মী জানান, জন্ম থেকেই তূর্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। চোখসহ শরীরের বিভিন্ন অংশে তার ১০ থেকে ১২টি অস্ত্রোপচার হয়েছে। অসুস্থ সন্তানের দেখাশোনার জন্য শারমিন ২০২২ সাল থেকে রাজনীতি থেকে সরে গিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। শাম্মী বলেন, ‘আমি আমার বোনের মুক্তি চাই, তার অপর একটি শিশুসন্তানের জন্য। এই সরকারের কাছে চাই, আপনারা আমার বোনকে মুক্তি দেন।’

কারাগার সূত্রে জানা গেছে, অক্টোবরের শুরুতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শেষবার তাকে দেখতে চেয়ে আবেদন করেছিলেন শারমিন। পরে সেই ব্যবস্থা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭-২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরিবারের দাবি, আটকের আগে তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না; ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: