• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মেহেরপুরে গুরুত্বপূর্ণ ৬ স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, শহরজুড়ে আতঙ্ক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৯, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২৬, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মেহেরপুরে গুরুত্বপূর্ণ ৬ স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, শহরজুড়ে আতঙ্ক

মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ ছয়টি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করে। জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়, পুলিশ সুপারের (এসপি) বাসভবন, জেলা কারাগার ও সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এসব বস্তু পাওয়া যায়।

উদ্ধার হওয়া স্থানগুলো হলো- পুলিশ সুপারের বাসভবনের ফটকের সামনে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান এবং পৌর কমিউনিটি সেন্টারের সামনে। এ ছাড়া মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনেও বস্তু রাখার খবর পাওয়া যায়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ছয়টি স্থান থেকে একটি করে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। কালো কসটেপ দিয়ে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগের ভেতরে বস্তুগুলো রাখা ছিল। কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টা ৪৩ মিনিটের দিকে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্থানীয় সংবাদকর্মীদের কাছে বার্তা পাঠানো হয়। এতে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউস, পুলিশ সুপারের বাংলো, জেলা কারাগার ও কমিউনিটি সেন্টারের সামনে শপিং টিস্যু ব্যাগের ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু রাখার কথা জানানো হয়।

বার্তাটি পাওয়ার পর সংবাদকর্মীরা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বস্তুগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিভি/মেহেরপুর/পিএইচ

মন্তব্য করুন: