• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন

প্রকাশিত: ০০:০২, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন

প্রতিকী ছবি

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মগবাজার ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের পাশাপাশি মিরপুরে একটি বাস এবং মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) পৃথক এসব ঘটনায় কেউ হতাহত না হলেও নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে মগবাজারে নাভানা রিয়েল এস্টেটের সামনে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। একই সময়ে হাতিরঝিলের মধুবাগ সংলগ্ন এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এবং ভোরে মোহাম্মদপুরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়। বিষয়টি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, শনিবার ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে আগুন দেওয়া হয়। এতে একটি গাড়ির কয়েকটি আসন পুড়ে যায় এবং গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: