সাতক্ষীরা আদালতে ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর সংলগ্ন ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে ককটেল বিস্ফোরিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গত ৬ দিন আগে (২৩ নভেম্বর) আদালত চত্বর থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের পর একই জায়গায় দ্বিতীয়বার ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, এ ঘটনার পরপরই সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর বারোটার দিকে এলাকাটি খুবই কর্মচঞ্চল ছিল। হঠাৎ করে ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এঘটনা ঘটিয়েছে, সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। দুস্কৃতিকারীদের কোন ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা ক্যান্টিনের চালে একটি ককটেল ছোড়ে। তবে সেটা বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।
বিভি/এজে/এজেড













মন্তব্য করুন: