‘নিম্নমানের রাস্তার কাজ করলে লাইসেন্স বাতিল, ভালো করলে পুরস্কার’
রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও নিম্নমানের কাজের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, রাস্তার কাজ অবশ্যই সঠিক নিয়মে ও মানসম্মতভাবে করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যারা নিম্নমানের কাজ করবেন, তাদের লাইসেন্স বাতিল করা হবে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় একটি রাস্তার উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, গুপ্ত বলেন আর ফ্যাসিস্ট বলেন, কেউ এসে দেশকে নষ্ট করবে কিংবা দেশের মানুষের ক্ষতি করবে, তা মেনে নেওয়া হবে না। সাধারণ জনগণও তা মেনে নেবে না। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এ বিষয়ে সচেতন রয়েছে। দেশে ফ্যাসিবাদের কোনো ধরনের অবস্থান তৈরি হতে দেওয়া হবে না।

এ সময় ঠিকাদারদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আগামীতে বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে। ১৭ বছরের দুঃশাসন ও নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজকের অবস্থানে পৌঁছেছে বিএনপি।
রাস্তার উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ অন্যান্যরা।
বিভি/মানিকগঞ্জ/পিএইচ













মন্তব্য করুন: