• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

প্রকাশিত: ১৭:৫২, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানী অভিমুখী বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিন সকালে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা অভিমুখে কোনো যাত্রীবাহী বাস চলাচল করছে না। বাস না পেয়ে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশে টার্মিনালে আসা যাত্রীরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তবে অভ্যন্তরীণ রুট ও বরিশালগামী লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম গণমাধ্যমকে বলেন, বরগুনা থেকে বরিশালসহ বিভাগের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী পরিবহনগুলো শনিবার রাতে ছেড়ে গেছে। কিছু বাস ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে বরগুনায় আসছেও। তবে নিরাপত্তার সংকটের কারণে রবিবার রাজধানীর সঙ্গে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় মালিকরা নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রেখেছেন। এ বিষয়ে তাদের কিছুই করার নেই।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ গণমাধ্যমকে বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে। এ ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য বাস টার্মিনালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত