শ্রীলঙ্কার বিপক্ষে আজ অধিনায়ক হামজা!
ছবি: হামজা চৌধুরী
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন হামজা। দলীয় সূত্রে জানা গেছে, আজ তার হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড।
ফিফা উইন্ডোর বাইরে থাকায় ভুটানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডপ্রবাসী এই দুই ফুটবলার। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের ফেরায় শক্তি বাড়ছে বাংলাদেশের আক্রমণ ও মাঝমাঠে।
তবে চোটের কারণে আজকের ম্যাচে খেলা হচ্ছে না বিশ্বনাথ ঘোষের। ভুটানের বিপক্ষে তাকে স্ট্রাইকার হিসেবে খেলিয়েছিলো বাংলাদেশ। ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান এই ডিফেন্ডার। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম। ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটিও এসেছিল তার পা থেকে।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন হামজা। তবে এর আগে কখনো অধিনায়কের দায়িত্ব পালন করেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই প্রথমবারের মতো নেতৃত্বে দেখা যেতে পারে এই মিডফিল্ডারকে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।
বিভি/এমআর













মন্তব্য করুন: