অভিষেক টেস্টেই রূপকথা লিখলেন সাকিব খান
ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে অভিষেকেই রূপকথা সৃষ্টি করেছেন পাকিস্তানের পেসার সাকিব খান। ম্যাচের চতুর্থ দিনে তার বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে আগের দিন ৪ উইকেটে ৪০৪ রান নিয়ে দিন শুরু করা সফরকারী শ্রীলঙ্কা মাত্র ৪৪৬ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ১৩০ রান খরচায় ৭টি উইকেট শিকার করে লঙ্কানদের মাত্র ১২ রানের লিডে আটকে দেন এই অভিষিক্ত পেসার।
মেঘলা আকাশের নিচে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকেই দুর্দান্ত সুইং এবং নিখুঁত লাইন-লেন্থ বজায় রেখে লঙ্কান ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেন সাকিব। এর জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের ঘাটতি পুষিয়ে লাঞ্চ বিরতির আগে ১ উইকেটে ৩৯ রান তুলেছে পাকিস্তান, ফলে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৭ রানে। ওপেনার তৈয়ব আরিফ ১১ রান করে সাজঘরে ফিরলেও আজান আওয়াইস ১৬ এবং মোহাম্মদ তাহা ১২ রান নিয়ে অপরাজিত থেকে বিরতিতে যান।
দিনের শুরুতেই বড় ধাক্কা দিয়ে ধস নামানো শুরু করেন সাকিব। আগের দিন ১৬৭ রানে অপরাজিত থাকা সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভাকে কোনো রান যোগ করতে না দিয়ে উইকেটরক্ষক গাজী ঘোরির ক্যাচে পরিণত করেন তিনি। ৪০৫ মিনিটের ম্যারাথন এই ইনিংসে ২০টি চার হাঁকান ধনঞ্জয়া। এরপর নিজের পঞ্চম ওভারে শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিসকেও ফেরান সাকিব। আগের দিনের রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করে ১১৯ রানে থামেন কুশল, যার ইনিংসে ছিলো ১০টি চার ও ৪টি ছক্কার মার। এই দুই সেট ব্যাটারের বিদায়ের মধ্য দিয়ে ভেঙে যায় পঞ্চম উইকেটে গড়ে ওঠা ২৪৯ রানের বিশাল জুটি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র ৪২ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। সোনাল দিনুশাকে (২০) স্লিপে ক্যাচ বানিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেন সাকিব। এরপর টেলএন্ডার লাহিরু কুমারা (০) ও আসিথা ফার্নান্দোকে (৪) সাজঘরে ফিরিয়ে লঙ্কানদের প্রথম ইনিংসের দ্রুত সমাপ্তি নিশ্চিত করেন তিনি।
এই ঐতিহাসিক বোলিং পারফরম্যান্সের সুবাদে পাকিস্তানের টেস্ট ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে অভিষেক ইনিংসে ৭ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়লেন সাকিব খান। তার আগে দেশের হয়ে এই ক্লাবে নাম লিখিয়েছিলেন পেসার মোহাম্মদ জাহিদ (৭-৬৬), অফ-স্পিনার মোহাম্মদ নাজির (৭-৯৯) এবং লেগ-স্পিনার আবরার আহমেদ (৭-১১৪)।
বিভি/এআই













মন্তব্য করুন: