সাফে প্রথমবার আসছে ভিএআর পদ্ধতি
আধুনিক ফুটবলে রেফারির সিদ্ধান্ত আরও নিখুঁত করতে বিশ্বজুড়ে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এবার দক্ষিণ এশিয়ার ফুটবলেও ঐতিহাসিক এই প্রযুক্তির অভিষেক হতে যাচ্ছে। চলমান সাফে সেমিফাইনালের দুই ম্যাচ ও ফাইনালে ভিএআর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), যা আজ সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় সাফ এই প্রযুক্তি বাস্তবায়ন করছে। স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান 'কোয়ালিটি' এই কার্যক্রম পরিচালনা করবে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের লাইভ ভিডিও ফুটেজ ইন্টারনেট সংযোগের মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হবে। সেখানে প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) প্রটোকল মেনে ফুটেজ পর্যালোচনা করে মাঠের রেফারিকে সহায়তা দেবেন। এছাড়া প্রযুক্তির নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম) স্থাপন করা হয়েছে এবং 'কোয়ালিটি'-র বিশেষজ্ঞরা মাঠেই উপস্থিত থেকে কাজ করছেন।
থাইল্যান্ড থেকে রিমোট পদ্ধতিতে ভিএআর পরিচালনার ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ও দূরত্বের চ্যালেঞ্জ নিয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেছেন, আসিয়ান কাপের ভিএআর থাইল্যান্ড থেকেই সফলভাবে পরিচালিত হয়েছিল এবং সাফেও সেই মডেল অনুসরণ করা হচ্ছে। ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তিগত বিষয়গুলো মোকাবিলায় তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবেই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে অভিহিত করে সাফের সাধারণ সম্পাদক জানান, প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তি চালুর পেছনে মূল্যবান সহযোগিতা দেওয়ায় এএফসি এবং এএফএফ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাফ কর্তৃপক্ষ।
বিভি/একেএম/টিটি













মন্তব্য করুন: