আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
রিভার প্লেটের মাঠে ক্লাব ফুটবলের প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফিরছেন লিওনেল মেসি। প্রথমে গুঞ্জন শোনা গেলেও ইন্টার মায়ামি কোচ কিলিয়ান গঞ্জালেজের মন্তব্যের মধ্য দিয়ে বিষয়টি এখন নিশ্চিত।
রিভার প্লেটের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছে, আগামী ১৯ জানুয়ারি মনুমেন্তাল স্টেডিয়ামে মায়ামিকে আতিথ্য দেবে তারা। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের গুঞ্জনের মাঝে বুয়েন্স আয়ার্সে নিজের দেশের সমর্থকদের সামনে আবারও খেলতে নামছেন এই ফরোয়ার্ড। এর আগে গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।
আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের হয়ে খেললেও ক্লাব ফুটবলে দেশটির কোনো ক্লাবের বিপক্ষে নিজ দেশের মাটিতে কখনো ম্যাচ খেলেননি মেসি। এর আগে বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরায় হুয়ান রোমান রিকেলমে এবং রোজারিওতে ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী প্রীতি ম্যাচে অংশ নিলেও বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মায়ামির জার্সিতে আর্জেন্টিনার মাঠে ক্লাব ম্যাচ খেলার অভিজ্ঞতা তার হয়নি। ফলে নিজ দেশের মাটিতে ক্লাব ম্যাচ খেলার দিক এটিই হতে যাচ্ছে তার প্রথম কীর্তি।
অবশ্য রিভার প্লেটের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা মেসির আগে থেকেই রয়েছে। ২০১৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে কাতালান ক্লাব বার্সেলোনার জার্সিতে রিভার প্লেটের মুখোমুখি হয়েছিলেন তিনি। জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে বার্সা ৩-০ গোলে জয়লাভ করেছিল, যেখানে একটি গোল করেছিলেন মেসি এবং বাকি দুটি গোল করেছিলেন লুইস সুয়ারেজ।
বিভি/একেএম/টিটি













মন্তব্য করুন: