কপাল পুড়লো রুটের, স্টোকস ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক
সর্বশেষ অ্যাশেজ সিরিজ হারের পর থেকেই জো রুটের সেনাপতির আর্মব্যান্ড নড়বড়ে হয়ে গিয়েছিল। শুরু হয়েছিল তুমুল সমালোচনা। এর মধ্যে নতুন করে আবার রুটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্টে ১-০ ব্যবধানে হেরেছে ইংলিশরা। এতে করে রুটের ওপর আর ভরসা করতে পারছে না ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।
জো রুটের জায়গায় দলটির তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮১তম অধিনায়ক হলেন বেন স্টোকস।
ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক (পুরুষ দল) রব কি'র আবেদনের পর মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে ইসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ নিয়োগের অনুমোদন দেন।
আরও পড়ুন:
- ইউক্রেনে হস্তক্ষেপের চেষ্টাকারীদের হুঁশিয়ার করলেন পুতিন
- শবে কদরে আল আকসায় নামাজে উপস্থিত আড়াই লক্ষাধিক ফিলিস্তিনি
নতুন টেস্ট অধিনায়ক নিয়োগের বিষয়ে রব কি বলেছেন, বেন স্টোকসকে টেস্ট অধিনায়কের দায়িত্ব দিতে আমাদের কোনো দ্বিধা ছিল না। আমাদের বিশ্বাস তিনি এই সম্মান প্রাপ্য। আমি আনন্দিত যে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন।
ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, আমি আনন্দিত যে বেন স্টোকস ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হতে রাজি হয়েছেন, যা ইংল্যান্ডের হয়ে তার অসাধারণ ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার অর্থ কী তা নিয়ে তিনি গভীরভাবে এবং আবেগের সাথে চিন্তা করেন। আমাদের বিশ্বাস তিনি আমাদের অত্যন্ত গর্বের সাথে একটি নতুন যুগে নিয়ে যাবেন।
ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়ে বেন স্টোকস বলেন, ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। জো রুট ইংলিশ ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি ড্রেসিংরুমে একজন নেতা হিসাবে আমার বিকাশের একটি বিশাল অংশ ছিলেন। আমার বিশ্বাস নতুন এ ভূমিকায় তিনি আমার মূল সহযোগী হবেন।
২০১৩ সালের ডিসেম্বরে ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক হয় বেন স্টোকসের। ৭৯টি টেস্টে খেলেছেন স্টোকস। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বেন স্টোকসকে সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছিল। ২০২০ সালের গ্রীষ্মে জো রুট যখন তার দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ছুটিতে ছিলেন তখন অধিনায়কের ভূমিকা পালন করেছেন বেন স্টোকস।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্ম নেওয়া এই ইংলিশ তারকা ক্রিকেটার দেশের হয়ে ৭৯ টেস্টে ১১টি সেঞ্চুরি আর ২৬টি ফিফটির সাহায্যে ৩৫.৮৯ গড়ে ৫ হাজার ৬১ রান সংগ্রহ করেন। আর বল হাতে ১৭৪টি উইকেট শিকার করেছেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: