সব অপরাধ ঢাকা যায় না, নদী কিছু লাশ ফিরিয়ে খুলে দেয় বিচারের দ্বার
প্রতীকী ছবি
গুম-খুনের পর লাশ পানিতে ডুবিয়ে অপরাধের চিহ্ন মুছে ফেলার চেষ্টা নতুন নয়। কিন্তু সব সময় চাপা থাকে না হত্যার সত্য। কখনো নদী, কখনো সমুদ্র ফিরিয়ে দিয়েছে নিখোঁজ মানুষের লাশ। আর সেই লাশই উন্মোচন করেছে গোপন হত্যাকাণ্ডের ভয়াবহতা, খুলে দিয়েছে বিচারের পথ। আর্জেন্টিনার সামরিক জান্তার ‘ডেথ ফ্লাইট’ থেকে শুরু করে বাংলাদেশের গুম-খুনের ঘটনাগুলোতে উঠে এসেছে একই নির্মম চিত্র।
আটলান্টিক মহাসাগরে লাশ ফেলে হত্যার প্রমাণ গায়েব করার চেষ্টা করেছিল আর্জেন্টিনার সামরিক জান্তা। একইভাবে বাংলাদেশেও গুমের পর হত্যার শিকার ব্যক্তিদের লাশ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু দুই ক্ষেত্রেই পানিতে ডুবিয়ে সত্য আড়াল করা সম্ভব হয়নি।
আর্জেন্টিনার সেই ‘ডেথ ফ্লাইট’
১৯৭৬ সালে জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলার নেতৃত্বে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর আর্জেন্টিনায় শুরু হয় ব্যাপক দমন-পীড়ন। বামপন্থী কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষার্থী ও ভিন্নমতাবলম্বীদের তুলে নিয়ে নির্যাতন ও হত্যার ঘটনা ঘটতে থাকে। হত্যার পর যেন কোনো লাশ বা প্রমাণ না পাওয়া যায়, সে উদ্দেশ্যে সামরিক বাহিনী চালু করে কুখ্যাত ‘ডেথ ফ্লাইট’ পদ্ধতি।
অচেতন বন্দীদের ফেলা হতো আটলান্টিকে
প্রথমে সন্দেহভাজন ব্যক্তিদের গোপন আটককেন্দ্রে নিয়ে নির্যাতন করা হতো। হত্যার আগে বন্দীদের জানানো হতো, তাদের অন্য কোনো কারাগারে স্থানান্তর করা হবে। এ জন্য ইনজেকশন বা ‘টিকা’ দেওয়ার কথা বলে শরীরে উচ্চমাত্রার চেতনানাশক প্রয়োগ করা হতো।
এরপর অচেতন বন্দীদের সামরিক বিমান বা হেলিকপ্টারে তুলে নেওয়া হতো রিও দে লা প্লাতা নদীর মোহনা কিংবা আটলান্টিক মহাসাগরের ওপর। গভীর পানিতে পৌঁছে জীবিত কিন্তু অচেতন অবস্থায় তাদের বিমান থেকে ফেলে দেওয়া হতো।
জান্তা শাসনামলে নিখোঁজ হওয়া প্রায় ৩০ হাজার মানুষের মধ্যে আনুমানিক ৪ থেকে ৫ হাজারকে এভাবে হত্যা করা হয়েছিল বলে বিভিন্ন হিসাবে উঠে এসেছে।
সমুদ্রতীরে ভেসে আসে লাশ
সামরিক কর্মকর্তাদের ধারণা ছিল, সমুদ্রের স্রোতে লাশগুলো গভীর পানিতে হারিয়ে যাবে। কিন্তু তাদের সেই পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। স্রোতের টানে অনেক বিকৃত লাশ ভেসে আসে আর্জেন্টিনা ও উরুগুয়ের উপকূলে। এসব লাশের সন্ধান পাওয়ার মধ্য দিয়ে হত্যাকাণ্ডের ভয়াবহতা সামনে আসতে শুরু করে।
১৯৯৫ সালে আর্জেন্টিনার সাবেক নৌবাহিনী কর্মকর্তা অ্যাডলফো স্কিলিংগো প্রকাশ্যে স্বীকার করেন, তিনি নিজে দুটি ডেথ ফ্লাইটে অংশ নিয়েছিলেন এবং ৩০ জন মানুষকে জীবন্ত অবস্থায় সাগরে ফেলে দিয়েছিলেন।
ডেথ ফ্লাইটের ঘটনায় ঐতিহাসিক সাজা
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৭ সালে আর্জেন্টিনার আদালত ডেথ ফ্লাইটে জড়িত ২৯ জন সাবেক সামরিক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মানবতাবিরোধী এসব অপরাধের বিচারে এ রায় ছিল গুরুত্বপূর্ণ মাইলফলক।
বাংলাদেশে আয়নাঘর ও নদীতে লাশ গুমের অভিযোগ
আওয়ামী লীগ সরকারের প্রায় দেড় দশকের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর বহু মানুষ নিখোঁজ হন। অভিযোগ রয়েছে, তাদের একটি অংশকে গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন ও হত্যার পর লাশ গুম করা হতো। এ ক্ষেত্রে নদী ও নির্জন স্থানকে বেছে নেওয়া হয়েছিল।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলো তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম-সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে।
কমিশনের প্রতিবেদনে উঠে আসে, গুম হওয়া ব্যক্তিদের একটি অংশকে গোপন বন্দিশালায়, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, আটকে রাখা হতো। পরে তাদের হত্যার পর লাশ নদী কিংবা নির্জন স্থানে ফেলে দেওয়ার অভিযোগও উঠে আসে।
অভিযোগ অনুযায়ী, অনেক ক্ষেত্রে লাশ যেন পানিতে ভেসে না ওঠে, সে জন্য পেট চিরে ইট বা পাথরভর্তি বস্তা বেঁধে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, মেঘনা ও তুরাগ নদীতে ফেলে দেওয়া হতো। কিন্তু সব লাশ পানির নিচে চাপা থাকেনি। কিছু বিকৃত ও অর্ধগলিত লাশ নদীর তীরে ভেসে ওঠে। পরে পোশাক ও শারীরিক চিহ্ন দেখে স্বজনেরা সেগুলো শনাক্ত করেন।
গুম-খুনের ‘মনস্টার’ জিয়াউল আহসান
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম-খুনে জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম তাকে ‘মনস্টার’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে আনা নৃশংসতার অভিযোগ তুলে ধরেন।
ট্রাইব্যুনালে উপস্থাপিত অভিযোগ অনুযায়ী, হত্যার সময় রক্তের ছিটা এড়াতে বালিশ ব্যবহার করে মাথায় গুলি করা হতো। পরে লাশের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো।
সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত বিভিন্ন নৃশংসতার অভিযোগও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
আর্জেন্টিনার ডেথ ফ্লাইটের মতো লাশ ফিরিয়ে দেয় বলেশ্বর-শীতলক্ষ্যা
জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি যুক্তি উপস্থাপনের সময় আর্জেন্টিনার ডেথ ফ্লাইটের প্রসঙ্গ টানেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
গত ২৬ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি বলেন, আর্জেন্টিনার সামরিক জান্তার ডেথ ফ্লাইট পদ্ধতি অনুসরণ করেই এ দেশে মানুষকে গুম করে হত্যা এবং পেট কেটে লাশের সঙ্গে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। জিয়াউল আহসানও একই ধরনের পদ্ধতি অনুসরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, পানিতে লাশ ডুবিয়ে রাখলেই অপরাধের চিহ্ন মুছে ফেলা যায়নি। নদী হতভাগ্য মানুষের লাশ ফিরিয়ে দিয়ে হত্যার সত্য উন্মোচন করেছে, খুলে দিয়েছে বিচারের পথ। আটলান্টিক মহাসাগর যেমন আর্জেন্টিনার নিখোঁজ ব্যক্তিদের লাশ ফিরিয়ে দিয়েছিল, তেমনি বাংলাদেশের বলেশ্বর নদী বিডিআর সদস্য নজরুল ইসলামের লাশ ফিরিয়ে দিয়েছে। শীতলক্ষ্যা নদী ফিরিয়ে দিয়েছে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ।
অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড কেবল শিশিরবিন্দু
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অপরাধের ভয়াবহতা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালকে বলেন, একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। কোনো শাস্তিই সেই জীবন ফিরিয়ে দিতে পারবে না। আদালতের কোনো রায়ই মায়ের কাছে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না। তারপরও অপরাধের বিচার হওয়া জরুরি।
তিনি বলেন, বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট হবে। এ ধরনের নৃশংস অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সভ্যতা টিকিয়ে রাখা কঠিন হবে।
অ্যাটর্নি জেনারেলের ভাষায়, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসম। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও অপরাধের ভয়াবহতার তুলনায় তা হবে কেবল একটি শিশিরবিন্দু।
বিভি/এজেড













মন্তব্য করুন: