ফের দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন
২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে রবিবার (২৯ নভেম্বর) তার আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সাঈদ খোকনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক অভিযোগ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে সাঈদ খোকনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনে আরও বলা হয়, আগের দুই দফায় ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সাঈদ খোকন মামলার মূল বিষয় এড়িয়ে গেছেন। বিভিন্ন সময়ে ভিন্ন তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত ও মামলার গতিপথ অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছেন। এজাহারভুক্ত পলাতক আসামিদের অধিকাংশকে চিনলেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য দেননি। এসব তথ্য যাচাই ও মামলার তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
গত ১৭ নভেম্বর সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়। সেদিন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে রবিবার তৃতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালিব। এ ঘটনায় ২৬ আগস্ট তার বাবা আবদুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। সাঈদ খোকন এ মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: