• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ১৭:৪৩, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন আইনজীবী শিশির মনির।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি এ আবেদন করেন।

রিটে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) নিষ্ক্রিয়তার কারণ জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কমিশন এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটের বিষয়ে শিশির মনির বলেন, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য ইতোমধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। তাঁদের উল্লেখযোগ্য একটি অংশ ভোটও দিয়েছেন। এর মধ্য দিয়ে বিদেশে অবস্থান করেও ভোট দেওয়ার কার্যকর ব্যবস্থা থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করে ২০২৫ সালের ৩১ মার্চ একটি সংশোধনী আনা হয়। এর মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করা হয়। পরে নির্বাচন কমিশন সচিবালয় ২০২৫ সালের ২০ আগস্ট ও ১৮ নভেম্বর দুটি পরিপত্র জারি করে। এসব পরিপত্রের ভিত্তিতেই জাতীয় নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

শিশির মনিরের ভাষ্য, জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে সামান্য কিছু প্রযুক্তিগত সংযোজন করলেই স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। এরপরও নির্বাচন কমিশন কেন এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিচ্ছে না, তা জানতে রিটটি করা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কয়েক দফা চিঠি দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক আবেদনও করা হয়েছে। এমনকি কমিশনকে আইনি নোটিশ পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো ‘নির্বাক চলচ্চিত্রের’ ভূমিকায় রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত