নিজেকে ‘রাসূল’ দাবি করে ভিডিও প্রচার, সেই ভণ্ড পীর গ্রেফতার
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় নিজেকে ‘রাসূল’ বলে দাবি করছেন ইসহাক আলী (৫৪)। এমন প্রচারের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উত্তেজনা সৃষ্টির অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের পর শুক্রবার (২০ নভেম্বর) তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিজেকে পীর হিসেবে প্রচার করে বিভিন্ন এলাকার মানুষকে দীর্ঘদিন ধরে মুরিদ তৈরি করে আসছিলেন ইসহাক আলী।
গ্রেফতার ইসহাক আলী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী কাচারীপাড়া এলাকার মৃত শমসের মামুদের ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসহাক আলী নিজেকে পীর হিসেবে প্রচার করে বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে মুরিদ বানাতেন। দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়িতে সাউন্ড সিস্টেম বাজিয়ে ছেলে-মেয়েদের একত্র করে অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পেতেন না।
বৃহস্পতিবার তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নিজেকে ‘রাসূল’ দাবি করতে এবং পবিত্র কালিমা বিকৃত করতে দেখা যায়। এ ছাড়া তিনি নিজের শারীরিক লজ্জাস্থানকে আরবি হরফ ‘আলিফ’ ও কাবা শরিফ বলে দাবি করেন। একই সঙ্গে ‘লা ইলাহা ইল্লাল্লাহ ইসাহাক আলী রাসূলুল্লাহ’ বলেও দাবি করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়লে প্রতিবাদী মুসলিম জনতা তার বসতবাড়িতে উপস্থিত হন। একপর্যায়ে সেখানে আরও লোকজন জড়ো হলে এলাকায় উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা সৃষ্টির আশঙ্কায় উত্তেজিত জনতার হাত থেকে ইসহাক আলীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে স্থানীয়দের পক্ষ থেকে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ বসতবাড়িতে নিজেকে পীর ও রাসূল দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর উত্তেজিত মুসলিম জনতা তাকে ঘিরে রাখেন এবং পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: