ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে নিষিদ্ধ যুবলীগ নেতা, অতঃপর ধরা
রাজশাহীর পুঠিয়ায় বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে এক বিএনপি নেতার বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা হাবিবুর রহমানের। পরে পাশের একটি দোকানের ছাদ থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিএনপির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার হাবিবুর রহমান নাটোর সদর থানার লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান প্রায় দুই মাস ধরে শেরপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার মুখে তিনি ওই এলাকার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফ দিয়ে পাশের একটি দোকানের ছাদে চলে যান। সেখানেই তাকে আটক করা হয়।
আবদুর রশিদ রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা এবং পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর। এ ঘটনায় বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে।
আবদুর রশিদ বলেন, হাবিবুর রহমান যে ওই মহল্লায় ভাড়া বাসায় থাকতেন, তা তিনি আগে জানতেন না। তবে কিছুদিন ধরে তাকে নিজের বাড়ির সামনের একটি চায়ের দোকানে আসতে দেখেছেন। বৃহস্পতিবার রাতেও তিনি সেখানে এসেছিলেন।
তিনি বলেন, বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা নাটোরের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে হাবিবুরের পরিচয় নিশ্চিত হন। পরে ২০ থেকে ৩০ জন লোক এসে তাকে মারধর শুরু করেন। তাদের হাত থেকে ছুটে হাবিবুর তার বাড়িতে আশ্রয় নেন। পরে পাশের একটি দোকানের ছাদে গিয়ে লুকান। সেখানে বিএনপি নেতা-কর্মীরা তাকে আটক করে আবার মারধরের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুঠিয়া থানার পুলিশ এসে তাকে নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী বলেন, হাবিবুর রহমান প্রায় দুই মাস ধরে ওই এলাকায় আত্মগোপনে ছিলেন। হামলার মুখে তিনি আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফ দিয়ে পাশের একটি দোকানের ছাদে যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে নাটোর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি। পুঠিয়া থানা-পুলিশ তাকে গ্রেফতারের পর নাটোর পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, হাবিবুর রহমানকে গ্রেফতারের পর তারা শুধু নাটোর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: