১৫ বছর পর শাহরুখ-করিনা জুটি, দেখা গেল ‘ড্যাডি কুল’ গানে
দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে দেখা গেল বলিউড তারকা শাহরুখ খান ও করিনা কাপুরকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ জুটি বেঁধেছেন তারা। সম্প্রতি প্রকাশ করা হয়েছে গানটির ভিডিও, যা ইতোমধ্যে দর্শক-অনুরাগীদের নজর কেড়েছে।
‘ড্যাডি কুল (কিং ভার্সন)’ শিরোনামের গানটির কথা লিখেছেন কুমার। সুর করেছেন শচীন-জিগর। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। এর কোরিওগ্রাফি করেছেন বৈভাবী মার্চেন্ট। ১৯৭৬ সালে বনি এমের গাওয়া ‘ড্যাডি কুল’ গানের নতুন সংস্করণ এটি। নতুন গানে শাহরুখ ও করিনার নাচের ছন্দ এবং পর্দায় তাদের রসায়ন প্রশংসা পাচ্ছে।
আগামী ২৪ ডিসেম্বর, বড়দিনের আগের দিন মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমাটির। নির্মাতাদের দাবি, ‘ড্যাডি কুল’ গানটি তৈরি করা হয়েছে ভিন্ন আঙ্গিকে। সিনেমাটিতে শাহরুখকে দেখা যাবে এক রহস্যময় ও দক্ষ খুনি কিংবা মাস্টারমাইন্ডের চরিত্রে।
‘কিং’-এর জন্য নিজের চেহারায়ও পরিবর্তন এনেছেন শাহরুখ। কাঁচাপাকা চুলে নতুন লুকে দেখা যাবে তাকে। চরিত্রের প্রয়োজনে তার বয়সকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। গানটির ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে ফিরলাম।’ সঙ্গে যোগ করেছেন, ‘সং ওল্ড স্কুল বাট স্টিল কুল।’
এর আগে ‘কভি খুশি কভি গাম’ ও ‘ডন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও করিনা। দীর্ঘ বিরতির পর তাদের আবারও একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।
শাহরুখ-করিনা ছাড়াও ‘কিং’ সিনেমায় অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।
বিভি/এজেড













মন্তব্য করুন: