পুরোনো বিরোধ ভুলে সালমানের প্রশংসায় বিবেক!
বলিউডে একসময় সালমান খান ও বিবেক ওবেরয়ের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। ব্যক্তিগত বিরোধ আর বিতর্কের সেই অধ্যায় পেরিয়ে এবার সালমানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’র জন্য শুভকামনা জানালেন বিবেক ওবেরয়। শুধু শুভেচ্ছাই নয়, সিনেমাটি দর্শকদের ভালোবাসা পাবে এবং মানুষের মধ্যে দেশপ্রেম ও অনুপ্রেরণা ছড়িয়ে দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ে ক্যানসার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নেন বিবেক। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে প্রশ্ন করা হয় তাকে।
জবাবে বিবেক বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস, বীরত্ব ও আত্মত্যাগ নিয়ে নির্মিত যেকোনো সিনেমার পাশে দর্শকদের দাঁড়ানো উচিত। তিনি আশা করেন, ‘মাতৃভূমি’ প্রচুর ভালোবাসা পাবে। সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়াও সফল হবেন বলে প্রত্যাশা তাঁর।
বিবেক আরও মনে করেন, সেনাবাহিনীর পোশাক পরা নারী-পুরুষদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জাগিয়ে তোলে—এমন সিনেমার সফল হওয়া প্রয়োজন।
এদিকে সালমানের ‘মাতৃভূমি’র সঙ্গে বিবেকের নিজের সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্রে’ মুক্তির সময়ের ব্যবধান মাত্র এক সপ্তাহ। এ প্রসঙ্গে বিবেক বলেন, প্রতিটি সিনেমার নিজস্ব দর্শক রয়েছে। কোনো সিনেমার ভাগ্যে সাফল্য থাকলে সেটি নিজের দর্শক খুঁজে নেবে।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায় সালমান খানের বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। আরও অভিনয় করেছেন অনুপ বিক্রম শাহি, জেইন শ, জেসন থাম ও হীরা সোহেল। ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
অন্যদিকে বিবেক ওবেরয় ও নিত্যা মেনন অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্রে’ মুক্তি পাবে ১১ ডিসেম্বর।
সালমান-বিবেকের পুরোনো সম্পর্কের নানা আলোচনা থাকলেও নতুন সিনেমাকে ঘিরে বিবেকের এমন ইতিবাচক মন্তব্য বলিউডে নজর কেড়েছে।
বিভি/জোহা













মন্তব্য করুন: