ইমরান হাশমির সম্পত্তির পরিমাণ কত, জানলে অবাক হবেন
বলিউডে একসময় রোমান্টিক অভিনেতা হিসেবেই বেশি পরিচিত ছিলেন ইমরান হাশমি। তবে সময়ের সঙ্গে অভিনয়ের ধরন বদলে নিজেকে নানা চরিত্রে প্রমাণ করেছেন তিনি। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। অভিনয়ের পাশাপাশি সম্পদ ও বিলাসবহুল জীবনযাপন নিয়েও এবার আলোচনায় এই অভিনেতা।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইমরান হাশমির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫ কোটি রুপি। সিনেমায় অভিনয়, বিজ্ঞাপন এবং বিভিন্ন বিনিয়োগ থেকে আসে তাঁর আয়ের বড় অংশ।
প্রতিবেদন অনুযায়ী, একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন ইমরান। পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করে প্রায় ২ কোটি রুপি আয় করেন তিনি। সিনেমার লাভের অংশ থেকেও অর্থ পেয়ে থাকেন বলে বিভিন্ন সূত্রের দাবি।
মুম্বাইয়ের বান্দ্রায় রয়েছে অভিনেতার একটি বিলাসবহুল ফ্ল্যাট। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি রুপি। বাড়িটির অন্দরসজ্জায় জাঁকজমকের পরিবর্তে সরলতাকে গুরুত্ব দিয়েছেন তিনি। রয়েছে ব্যক্তিগত জিম ও বইয়ের সংগ্রহ নিয়ে সাজানো পাঠাগার।
মুম্বাইয়ের বাইরেও সম্পত্তি রয়েছে ইমরানের। ২০১০ সালে গোয়ায় সমুদ্রের ধারে চারতলা একটি বিলাসবহুল পেন্টহাউস কেনেন তিনি। সেখানে রয়েছে সুইমিং পুল, জিম ও ছাদবাগান। এ ছাড়া লোনাভলায় প্রায় ১২ কোটি রুপি মূল্যের একটি ভিলা রয়েছে বলেও জানা গেছে। হিমাচল প্রদেশেও তাঁর বাড়ি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় বাণিজ্যিক সম্পত্তিতেও বিনিয়োগ রয়েছে অভিনেতার।
গাড়ির প্রতিও বিশেষ শখ রয়েছে ইমরানের। তাঁর সংগ্রহে রয়েছে লাম্বরগিনি হুরাকান, মার্সিডিজ মেবাখ এস৫৬০, অডি এ৮ এল এবং রেঞ্জ রোভার ভোগ। এর মধ্যে লাম্বরগিনি হুরাকানের দাম প্রায় ৩ কোটি ২০ লাখ রুপি। সব মিলিয়ে তাঁর গাড়ির সংগ্রহের মূল্য ১৩ কোটি রুপির বেশি হতে পারে।
এদিকে সম্প্রতি ‘গানমাস্টার জি৯’ সিনেমা নিয়েও আলোচনায় রয়েছেন ইমরান হাশমি। ২৭ নভেম্বর মুক্তি পাওয়া এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। সিনেমাটিতে তাঁদের রসায়নও দর্শকদের নজর কেড়েছে।
অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় নিজেকে বারবার নতুনভাবে তুলে ধরেছেন ইমরান। এবার তাঁর অভিনয়ের পাশাপাশি ১০৫ কোটি রুপির সম্পদের হিসাবও ভক্তদের কৌতূহলের কেন্দ্রে।
বিভি/জোহা













মন্তব্য করুন: