‘দিলরুবা দিলনাশিন’ দিয়ে আলোচনায় কে এই রিতো রিবা
সংগীতের জগতে নিজের স্বতন্ত্র কণ্ঠ আর আবেগময় গায়কিতে শ্রোতাদের মন জয় করছেন ভারতের তরুণ সংগীতশিল্পী রিতো রিবা। ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর মঞ্চে পরিচিতি পাওয়া এই শিল্পী এখন আলোচনায় তার গান ‘দিলরুবা দিলনাশিন’ নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগীতপ্রেমীদের মধ্যে গানটি ঘিরে তৈরি হয়েছে আগ্রহ।
ভারতের অরুণাচল প্রদেশের পাসিঘাটে জন্ম ও বেড়ে ওঠা রিতো রিবার সংগীতযাত্রা শুরু খুব সাধারণভাবে। ২০১৪-১৫ সালের দিকে ইউটিউবে বিভিন্ন গানের কভার প্রকাশের মধ্য দিয়ে সংগীতের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে থাকেন তিনি। ধীরে ধীরে তার কণ্ঠ ও গায়কির আলাদা বৈশিষ্ট্য শ্রোতাদের নজর কাড়ে।
২০২২ সালে ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এ অংশ নিয়ে পরিচিতি পান রিতো। প্রতিযোগিতার মঞ্চে তার মৌলিক গান ও পরিবেশনা প্রশংসা পায়। শেষ পর্যন্ত প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও থেমে থাকেননি তিনি। বরং নিজের সংগীতচর্চা ও মৌলিক গান নিয়ে এগিয়ে গেছেন।
‘হীর রাঞ্ঝা’, ‘মেরি বনোগি ক্যা’ ও ‘পেয়ার আতা হ্যায়’-এর মতো গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি তৈরি করেন এই শিল্পী। গায়কির পাশাপাশি গীতিকার ও সুরকার হিসেবেও কাজ করছেন তিনি।
সম্প্রতি তার ‘দিলরুবা দিলনাশিন’ গানটি নতুন করে আলোচনায় এসেছে। ২০২৬ সালের ১৬ অক্টোবর প্রকাশিত গানটি তার ‘দিলফেক’ ইপি অ্যালবামের অন্তর্ভুক্ত। গানটির কণ্ঠ ও সুরে রয়েছেন রিতো রিবা। কথা লিখেছেন সিদ্ধান্ত কৌশল। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অর্জুন ও জাহাবিয়া।
একসময় ইউটিউবে গান কাভার দিয়ে শুরু করা তরুণটির সংগীতযাত্রা এখন পৌঁছেছে নতুন এক পর্যায়ে। রিয়েলিটি শোর পরিচিতি পেরিয়ে নিজের গান দিয়েই শ্রোতাদের কাছে জায়গা করে নিচ্ছেন রিতো রিবা। ‘দিলরুবা দিলনাশিন’ সেই যাত্রায় যোগ করেছে নতুন মাত্রা।
সংগীতের প্রতিযোগিতামূলক মঞ্চে পরিচিতি পাওয়া অনেক শিল্পীর মতো শুধু সেই পরিচয়ের ওপর নির্ভর করছেন না রিতো। মৌলিক গান, নিজস্ব সুর আর আবেগঘন কণ্ঠে তৈরি করছেন নিজের আলাদা সংগীতপরিচয়।
বিভি/জোহা













মন্তব্য করুন: