• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

গাধার নামে নার্সিং লাইসেন্স, মিললো পাঁচ বছর মেয়াদি নিবন্ধন

প্রকাশিত: ১৬:৫৬, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫৯, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাধার নামে নার্সিং লাইসেন্স, মিললো পাঁচ বছর মেয়াদি নিবন্ধন

নার্সিং পেশায় যুক্ত হতে হলে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও পরিচয় যাচাইয়ের কঠোর প্রক্রিয়া পার হতে হয়। কিন্তু ভারতের মধ্যপ্রদেশে এসবের কিছুই যেন প্রয়োজন হয়নি। সেখানে এক ‘গাধা’র নামে শুধু নার্সিং নিবন্ধনই দেওয়া হয়নি, বরং পাঁচ বছর মেয়াদি ডিজিটাল লাইসেন্সও ইস্যু করেছে নার্সিং কাউন্সিল। অনলাইন নিবন্ধন ব্যবস্থার এমন হাস্যকর গলদ সামনে আসার পর শুরু হয়েছে পুলিশি তদন্ত।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশ নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিলের (এমপিএনআরসি) ওয়েবসাইটের নিরাপত্তা ও তথ্য যাচাইয়ের দুর্বলতা পরীক্ষা করতে অভিনব কৌশল নেন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এনএসইউআই) রাজ্য সহসভাপতি রবি পারমার।

আবেদনে প্রার্থীর নাম দেন ‘ডংকি এমপিএনআরসি’। বাবার নাম ‘ডংকি ফাদার’, মায়ের নাম ‘ডংকি মাদার’। এমনকি জাত বা ক্যাটাগরির জায়গায় নির্বাচন করেন ‘অ্যানিমেল’ বা প্রাণী। এত অস্বাভাবিক তথ্য দেওয়ার পরও আবেদনটি বাতিল করেনি কাউন্সিলের অনলাইন ব্যবস্থা।

বরং নির্ধারিত ২ হাজার ৫০ রুপি ফি জমা দেওয়ার পর গত ২৫ সেপ্টেম্বর আবেদনকারীর নামে ডিজিটাল নিবন্ধন সনদ ইস্যু করা হয়। যার মেয়াদ ২০৩১ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। 

পারমারের দাবি, ভুয়া লাইসেন্স নেওয়া তার উদ্দেশ্য ছিল না। বরং পরিচয় ও যোগ্যতা যাচাই ছাড়াই কীভাবে নিবন্ধন দেওয়া হচ্ছে, সেটিই সামনে আনতে চেয়েছিলেন তিনি।

গত ১ অক্টোবর পুলিশের কাছে অভিযোগ ও ডিজিটাল প্রমাণ জমা দেন পারমার। পরে পুলিশ নার্সিং কাউন্সিলকে নোটিশ পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে। তবে এমন গুরুতর প্রশাসনিক ত্রুটি কীভাবে ঘটল, তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা এখনো দেয়নি কাউন্সিল।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত