• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মসজিদে নববির বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদির!

প্রকাশিত: ১৫:০৩, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৩৪, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মসজিদে নববির বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদির!

ছবি: হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হুথিদের একটি ড্রোন হামলার অভিযোগ করেছে সৌদিআরব। ওই বিদ্যুৎকেন্দ্রটি মসজিদে নববির বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। হামলার ঘটনায় বিভিন্ন আরব ও ইসলামি দেশ নিন্দা জানিয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি জানান, তদন্তে ওই হামলার জন্য হুথিদের দায়ী করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা ও অভিযান পর্যালোচনার মাধ্যমে হামলার উৎস শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগেও গত মাসে মক্কার কাছে হুথিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। ঘটনাটিকে তারা ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেছিলো। ২০১৭ সালেও হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মক্কার দিকে যাওয়ার সময় সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করে বলে জানিয়েছিলো সৌদি কর্তৃপক্ষ।

এদিকে ইয়েমেনের তাইজ ও রাজধানী সানায় হুথিদ গোষ্ঠীর বিভিন্ন সামরিক স্থাপনা ও অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাইজ প্রদেশে মাত্র তিন ঘণ্টায় ২০টি নির্ভুল বিমান হামলা চালানো হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এসব হামলায় হুথিদের সামরিক যান, সরঞ্জাম, জনবল, শক্তিবৃদ্ধি ও বিভিন্ন সামরিক তৎপরতাকে লক্ষ্যবস্তু করা হয়। হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার পাশাপাশি হুথিদের জনবল, সামরিক সরঞ্জাম ও চলাচলে ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ইয়েমেনি সেনাবাহিনী সানা, সাদা ও তাইজে বেশ কয়েকটি স্থানে হামলা চালানোর কথা জানায়। সামরিক বাহিনীর দাবি, সানায় একটি ‘উচ্চক্ষমতা সম্পন্ন’ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া সাদা প্রদেশে ১১টি লক্ষ্যবস্তুতে এবং তাইজে হুথিদের একটি সমন্বিত সামরিক ব্যবস্থার ওপর ২৭টি বিমান হামলা চালানো হয়।

উল্লেখ্য, হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করার পর থেকে হুথিরা সৌদি আরবকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

সূত্র: রয়টার্স, এএফপি

বিভি/এনএইচ/এমআর

মন্তব্য করুন: