• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জাপানে বিদেশিদের স্থায়ী বসবাসের ফি বাড়লো ২০ গুণ!

প্রকাশিত: ১৫:৩১, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জাপানে বিদেশিদের স্থায়ী বসবাসের ফি বাড়লো ২০ গুণ!

জাপানে বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সি ফি একলাফে ২০ গুণ বাড়িয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় বুধবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে এই ফি ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ২ লাখ ইয়েন বা প্রায় ১,২৭০ মার্কিন ডলার করা হয়েছে।

১ অক্টোবর সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়, শুধু ফি বৃদ্ধি নয়, জাপান স্থায়ী বসবাসের জন্য আবেদনকারী বিদেশিদের ক্ষেত্রে অন্যান্য নিয়মকানুনও আরও কঠোর করেছে। এখন আবেদনকারীদের আয়, পেনশন ও জাপানি ভাষা দক্ষতার মতো নতুন সব শর্ত পূরণ করতে হবে। 

নতুন নিয়ম অনুযায়ী, স্থায়ী বসবাসের আবেদনকারীদের জাপানের গড় আয়ের সমান বা তার বেশি স্থিতিশীল আয় থাকতে হবে। আগামী বছরের এপ্রিল থেকে স্থায়ী বসবাসের আবেদনকারীদের জন্য জাপানি ভাষার মৌলিক দক্ষতার শর্তও কার্যকর হবে।

এছাড়া স্থায়ী বাসিন্দা নন—এমন বিদেশিদের অবস্থানের মেয়াদ বাড়াতে চাওয়া মেয়াদের ওপর ভিত্তি করে ফি ১০ হাজার থেকে ৭৫ হাজার ইয়েন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে আর্থিক সংকটে থাকা ব্যক্তি ও শরণার্থীদের জন্য কিছু ছাড়ের ব্যবস্থা রয়েছে।

দ্রুত বাড়তে থাকা প্রবীণ জনসংখ্যা ও শ্রমিক সংকট মোকাবিলায় ২০২৫ সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা রেকর্ড ৪১ লাখ ২০ হাজারে পৌঁছায়। তবে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সামাজিক ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার অভিবাসন ব্যবস্থাপনায় কঠোরতা আনছে।

চলতি বছরের জুলাইয়ে ভিসা ফি ৫ গুণ বাড়ানোর পর এবার এই পদক্ষেপ নেওয়া হলো। সরকারের দাবি, মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান বিদেশি জনসংখ্যাকে আরও সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতেই এই সংস্কার।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: