প্রেম ও দ্রোহের কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে সকালেই থেকেই শ্রদ্ধা নিবেদন করেন কবির পরিবারের, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী-পেশার মানুষ। জাতীয় জীবনের সব পর্যায়ে নজরুল আজো সমান প্রাসঙ্গিক-বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা ছড়িয়ে দেওয়ার তাগিদ কবি পরিবারের।
ভোরের আলো ফুটতেই যেন সুরের আকাশে বেজে ওঠে এক পরম শূণ্যতার রাগিনী। বাংলা সাহিত্যের আকাশ কাঁপানো ধুমকেতু, সাম্য ও দ্রোহের বরপুত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মহাপ্রয়াণ দিবস। অর্ধশতক আগে দূর নক্ষত্রলোকে পাড়ি জমালোও, আজও বাঙালীর আন্দোলন সংগ্রামে হয়ে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন।
কবির প্রয়াণ দিবসে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধি চত্বর এসে মেশে রাজনীতি, সাহিত্য আর সংস্কৃতির নানা স্রোত। রাজনীতিকের হাত থেকে লেখকের কলম, প্রবীণের স্মৃতিকাতরতা থেকে তরুণের দীপ্ত চোখ-সর্বত্রই নজরুল। কবির সমাধিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
প্রথমেই কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নজরুল কোন দূর অতীত নয়, সব সময়ের লড়াই-সংকটের আশ্রয়।
যিনি গেয়েছিলেন সাম্যের গাণ, ভেঙেছিলেন শৃঙ্খলের প্রাচীর, তার এই পঞ্চাশতম মৃত্যু বার্ষিকী কেবল শোকের নয়, বরং আত্মশুদ্ধি ও চেতনার পুণর্জাগরণের দিন। প্রেম ও দ্রোহের যে আগুন তিনি জ্বেলেছিলেন, তা আজও বাঙালির জীবনে জাজ্বল্যমান।
কবির বিরহ এখনও বয়ে বেড়াচ্ছে তার পরিবার। নজরুল চর্চা স্কুল কলেজ পর্যায়ে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা স্বজনদের। নজরুলের প্রয়াণের পঞ্চাশ বছর পরও বাঙালীর স্বত্ত্বায় এক জ্যোতিস্ক হয়ে আছেন।
নজরুল আছেন শোষিতের মিছিলে, আছেন প্রেমিক হৃদয়ে। সুর আর বাণীর যে মায়াজাল তিনি বুনেছিলেন, তা বাঙালিকে পথ দেখাবে চিরকাল।
বিভি/এসজি













মন্তব্য করুন: