• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দীর্ঘদিন পর বুড়িগঙ্গায় আবারও চোখে পড়ছে বকের বিচরণ

ইউএনবি

প্রকাশিত: ১২:২৫, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দীর্ঘদিন পর বুড়িগঙ্গায় আবারও চোখে পড়ছে বকের বিচরণ

বুড়িগঙ্গায় ভেসে থাকা কচুরিপনায় দাঁড়িয়ে আছে এক ঝাঁক বক। ছবি-ইউএনবি

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে দীর্ঘদিন পর আবারও বকের বিচরণ চোখে পড়ছে। একসময় নদীর পাড়ে ও পানিতে ভেসে থাকা কচুরিপানার ওপর প্রায়ই দেখা মিলত এসব পাখির। তবে সময়ের সঙ্গে সঙ্গে নদীতে বকের আনাগোনা কমে আসে।

দীর্ঘদিনের দূষণে বুড়িগঙ্গার স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্প্রতি সদরঘাটসহ নদীর বিভিন্ন স্থানে কচুরিপানার ওপর দল বেঁধে বক বসে থাকতে দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, আগের তুলনায় বর্তমানে নদীতে বকের সংখ্যা বেড়েছে।

লক্ষ্মীবাজারের বাসিন্দা অপু দাস বলেন, দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গায় বকের আনাগোনা কম থাকলেও এখন আবার প্রায়ই বক চোখে পড়ছে।

মোহাম্মদপুরের বাসিন্দা আলোকচিত্রী ফাহাদ আল আলম ছবি তুলতে সদরঘাট এলাকায় এসে বকের এই দৃশ্য দেখতে পান।

তিনি বলেন, আগে বুড়িগঙ্গায় অনেক বক দেখা যেত। ধীরে ধীরে পাখিগুলোর উপস্থিতি কমে গিয়েছিল। তবে এখন আবার তুলনামূলক বেশি বক দেখা যাচ্ছে।

বক সাধারণত নদী, খাল, বিল ও জলাভূমিতে বিচরণ করে। মাছ, ছোট জলজ প্রাণী, ব্যাঙ ও পোকামাকড় এদের প্রধান খাদ্য। জলজ পরিবেশের সঙ্গে এসব পাখির বিচরণ ও খাদ্যপ্রাপ্তি জড়িত।

বিভি/ইউএনবি/এজেড

মন্তব্য করুন: