• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

নতুন ৪ প্রজাতির সাপ মিলেছে কাপ্তাই ও রাঙ্গুনিয়ায়

বাসস

প্রকাশিত: ১৫:২২, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নতুন ৪ প্রজাতির সাপ মিলেছে কাপ্তাই ও রাঙ্গুনিয়ায়

ছবি: সংগৃহীত

নানা প্রজাতির সাপ বাস করে পাহাড়ি ছড়া, আর্দ্র বনভূমি, জলাশয় আর সড়কের পাশের ঝোপঝাড়ে। এসব অচেনা আবাসস্থলে অনুসন্ধান চালিয়ে রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে সাপের অজানা জগৎ উন্মোচন হয়েছে। 

গবেষকরা এই দুই সংরক্ষিত বনে ৩৬ প্রজাতির ২০৮টি সাপের সন্ধান পেয়েছেন। এর মধ্যে চারটি প্রজাতি বাংলাদেশের সাপের তালিকায় নতুন সংযোজন হিসেবে বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত হয়েছে। 

নতুন চার প্রজাতির মধ্যে তিনটি নির্বিষ ও একটি মৃদু বিষধর। 

তবে নতুন প্রজাতির সন্ধানের পাশাপাশি গবেষণায় উদ্বেগজনক চিত্রও উঠে এসেছে। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, বনাঞ্চলে অগ্নিকাণ্ড, কৃষিকাজের সম্প্রসারণ, কীটনাশকের ব্যবহার ও সড়কে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে সাপের মৃত্যু দক্ষিণ-পূর্বাঞ্চলের এই দুই সংরক্ষিত বনাঞ্চলে তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। 

জলবায়ু পরিবর্তনের প্রভাবেও আগামী কয়েক দশকে সাপের বসবাসের উপযোগী আবাসস্থল সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে বন বিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল- SUFAL) প্রকল্পের আওতায় পরিচালিত এ গবেষণার ফলাফল আন্তর্জাতিক পিয়ার-রিভিউড বিজ্ঞান সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’-এ গত ১৭ নভেম্বর প্রকাশিত হয়। 

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে গবেষণা পরিচালিত হয়। প্রায় ৭৫ দিন ধরে দিন ও রাতে জরিপ চালিয়ে গবেষকরা পায়ে হেঁটে মোট ৪৮৮ দশমিক ৩ কিলোমিটার এলাকা পরিদর্শন করেন। 

এ কাজে ব্যয় হয় ১ হাজার ৭৭৬ জন-ঘণ্টা।

বাংলাদেশ বন বিভাগের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের সর্পবিদ মো. সোহেল রানা গবেষণায় নেতৃত্ব দেন। 

গবেষক দলের অন্যান্য সদস্যরা হলেন— চীনের নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির গবেষক সজীব বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ আলাবামার মাহি ওয়াসিম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত।

বাংলাদেশের তালিকায় নতুন চার প্রজাতি

গবেষণায় বাংলাদেশের সাপের প্রজাতি তালিকায় নতুন রেকর্ড হিসেবে যুক্ত হয়েছে স্ট্রাইপড কিলব্যাক, বিন্দি কিলব্যাক, হাস’স ব্রোঞ্জব্যাক ট্রি স্নেক ও ওয়াল’স ব্রোঞ্জব্যাক।

এর মধ্যে স্ট্রাইপড কিলব্যাকের সন্ধান পাওয়া গেছে রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে। অপর তিনটি প্রজাতির উপস্থিতি নথিভুক্ত হয়েছে রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে। 

তবে চারটি প্রজাতিই পৃথিবীর জন্য নতুন নয়। বাংলাদেশে এদের উপস্থিতি বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত হওয়ায় দেশের সরীসৃপের তালিকায় নতুন সংযোজন হয়েছে। এরমধ্যে হাস’স ব্রোঞ্জব্যাক ও ওয়াল’স ব্রোঞ্জব্যাকের তথ্য ২০২৫ সালের সেপ্টেম্বরে পৃথক গবেষণায় প্রকাশিত হয়েছিল।

কাপ্তাই জাতীয় উদ্যানে পাওয়া স্ট্রাইপড কিলব্যাকের গায়ের রং গাঢ় বাদামি। শরীরের দুই পাশে মাথা থেকে লেজ পর্যন্ত লম্বা ডোরা রয়েছে। পাহাড়ি ছড়া ও ঝোপঝাড়ে এদের বিচরণ দেখা যায়। 

অন্যদিকে দুধপুকুরিয়া-ধোপাছড়ি অভয়ারণ্যে পাওয়া বিন্দি কিলব্যাকের বাদামি শরীরের ঘাড়ের পেছনে লাল টিপের মতো দাগ রয়েছে। এর আগে বান্দরবানের রুমা এলাকায় এ প্রজাতি দেখা গেলেও এবার ডিএনএ বিশ্লেষণসহ বৈজ্ঞানিক পদ্ধতিতে এর পরিচয় নিশ্চিত করা হয়েছে। 

গবেষক সোহেল রানা জানান, নতুন শনাক্ত দুই প্রজাতি স্ট্রাইপড কিলব্যাক ও বিন্দি কিলব্যাকের এখনো স্বীকৃত বাংলা নাম নির্ধারিত হয়নি। বৈজ্ঞানিকভাবে প্রজাতি শনাক্তের পর সেগুলোর শারীরিক বৈশিষ্ট্য, অবস্থান ও আবাসস্থল নথিভুক্ত করা হয়েছে। 

নতুন চার প্রজাতির মধ্যে বিন্দি কিলব্যাক মৃদু বিষধর হলেও মানুষের জন্য ক্ষতিকর নয়। বাকি তিনটি নির্বিষ।

বনের কোথায় বেশি সাপ

গবেষণায় কাপ্তাই জাতীয় উদ্যানে ২৬টি ও রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া-ধোপাছড়ি অভয়ারণ্যে ২৩টি প্রজাতির উপস্থিতি পাওয়া গেছে। দুই বনাঞ্চলে কিছু প্রজাতির মিল থাকায় সব মিলিয়ে ২৩টি গণ ও আটটি গোত্রের অন্তর্ভুক্ত ৩৬ প্রজাতির তথ্য নথিভুক্ত হয়েছে।

গবেষকরা শুধু বনাঞ্চলের গভীরে নয়, পাহাড়ি ছড়া, প্রাকৃতিক বনের পথ, জলাশয়, বনাঞ্চলের প্রান্তবর্তী এলাকা, সড়কের পাশের ঝোপঝাড় ও লোকালয়ের আশপাশেও অনুসন্ধান চালান। দিনের পাশাপাশি রাতেও চলে জরিপ। 

গবেষকদের মতে, সাপের মতো নিশাচর ও লাজুক প্রাণীর প্রকৃত বৈচিত্র্য জানতে এ ধরনের বিস্তৃত মাঠপর্যায়ের অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জরিপে দেখা গেছে, কাপ্তাইয়ে বনাঞ্চলের প্রান্তবর্তী ও সড়কের পাশের উদ্ভিদসমৃদ্ধ এলাকায় ১২ প্রজাতি ও পাহাড়ি ছড়া ও জলাবদ্ধ এলাকায় ১০ প্রজাতির সাপ পাওয়া গেছে। 

দুধপুকুরিয়া-ধোপাছড়িতে পাহাড়ি ছড়া ও জলাবদ্ধ এলাকায় ১৫ প্রজাতি এবং বনপ্রান্ত ও সড়কসংলগ্ন এলাকায় আট প্রজাতির সন্ধান মিলেছে।

কাপ্তাইয়ে সবচেয়ে বেশি পাওয়া গেছে রেডটেইল বা বাঁশপাতি সবুজ পিট ভাইপার। শনাক্ত সাপের ৩৪ দশমিক ৪৮ শতাংশ এ প্রজাতির। 

অন্যদিকে দুধপুকুরিয়া-ধোপাছড়িতে পেইন্টেড ব্রোঞ্জব্যাক ট্রি স্নেকের উপস্থিতি সর্বাধিক, যা শনাক্ত সাপের ৩৬ শতাংশ।

গবেষকরা আর্দ্র পাহাড়ি উপত্যকা, নদী ও ছড়ার তীরবর্তী এলাকা এবং চিরসবুজ বনকে সাপের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে চিহ্নিত করেছেন। 

এছাড়া কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে সামুদ্রিক দুই প্রজাতির সাপ- বিকড সি স্নেক ও রাসেলস সি স্নেক-এর উপস্থিতিও নথিভুক্ত হয়েছে। 

জোয়ার-ভাটার প্রভাবে নদীর লবণাক্ত ও মিশ্র লবণাক্ত পানিতে এদের বিচরণ দেখা গেছে। 

সড়ক দুর্ঘটনায় ২৫ সাপের মৃত্যু, আবাসস্থল সংকুচিত হওয়ার শঙ্কা

গবেষণায় বন উজাড়, আবাসস্থল ধ্বংস ও বনাঞ্চলে অগ্নিকাণ্ডকে দুই এলাকার সাপের জন্য ছয় ধরনের হুমকি চিহ্নিত হয়েছে। দুই বনাঞ্চলে এসব হুমকির সম্মলিতি প্রভাব ৪০ শতাংশ বলে উল্লেখ করেছেন গবেষকেরা। 

তবে দুই বনে হুমকরি ধরন ও মাত্রায় কিছু পার্থক্য রয়েছে। 

জরিপ চলাকালে সড়ক দুর্ঘটনায় দুই বনাঞ্চলে ২৫টি সাপের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। এর মধ্যে কাপ্তাইয়ে ১৮টি ও দুধপুকুরিয়া-ধোপাছড়িতে সাতটি। মৃত সাপের মধ্যে মহাবিপন্ন জালিকাবিশিষ্ট অজগরও রয়েছে। 

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনাজনিত হুমকির আপেক্ষিক অবদান ২০ শতাংশ। অন্যদিকে দুধপুকুরিয়া-ধোপাছড়িতে কৃষিকাজের সম্প্রসারণ ও রাসায়নিক উপাদানের ব্যবহারজনিত হুমকির পরিমাণ ২৫ শতাংশ। কাপ্তাইয়ে তা ১০ শতাংশ। 

দুই বনাঞ্চলেই অবৈধ গাছ কাটা ও জ্বালানি কাঠ সংগ্রহের অবদান ১০ শতাংশ। 

মানুষের সঙ্গে সাপের সংঘাত কাপ্তাইয়ে ১০ ও দুধপুকুরিয়া-ধোপাছড়িতে পাঁচ শতাংশ। 

পানি ও মাটিদূষণজনিত হুমকির পরিমাণ যথাক্রমে ১০ ও ১৫ শতাংশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত বলেন, কাপ্তাই জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাওয়া সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল, দুধপুকুরিয়ায় লেবু ও আনারসের চাষ সম্প্রসারণ এবং বনাঞ্চলে অগ্নিকাণ্ড সাপের সংবেদনশীল আবাসস্থলের ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, কাপ্তাইয়ে সড়কে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে নিয়মিত সাপ মারা যাচ্ছে। অন্যদিকে দুধপুকুরিয়ার বনের ভেতরে লেবু ও আনারসসহ বিভিন্ন ফসলের চাষ সম্প্রসারিত হওয়ায় প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হচ্ছে। 

অধ্যাপক আশীষ কুমার আরও বলেন, কৃষিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ মাটি ও পানিদূষণের পাশাপাশি সাপের খাদ্য হিসেবে ব্যবহৃত প্রাণীদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এতে খাদ্যশৃঙ্খলের মধ্য দিয়ে সাপের অস্তিত্বও ঝুঁকির মুখে পড়ে।

গবেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২০৪১-২০৬০ সালের মধ্যে কাপ্তাই জাতীয় উদ্যান ও দুধপুকুরিয়া-ধোপাছড়ি বনাঞ্চলে সাপের উপযোগী আবাসস্থল যথাক্রমে ৫.৯ ও ৮.৩ শতাংশ কমতে পারে। এতে সাপের প্রজাতি বৈচিত্র্য ও বিস্তৃতি সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

এ ঝুঁকি মোকাবিলায় চিরসবুজ বন, আর্দ্র পাহাড়ি উপত্যকা ও নদী-ছড়ার তীরবর্তী পরিবেশ সংরক্ষণের পাশাপাশি অগ্নিকাণ্ড, অবৈধ গাছ কাটা, জ্বালানি কাঠ সংগ্রহ, আবাসস্থল ধ্বংস ও দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণের সুপারিশ করেছেন গবেষকরা।

গবেষণায় সাপ শনাক্তে প্রচলিত পর্যবেক্ষণের পাশাপাশি ডিএনএ বিশ্লেষণ করা হয়। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা গবেষণাগারে ১০টি প্রজাতির নমুনার জেনেটিক বিশ্লেষণ এবং গাজীপুরের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারে ১০টি রেফারেন্স নমুনা সংরক্ষণ করা হয়েছে।

অধ্যাপক আশীষ কুমার দত্ত বলেন, দেশের প্রায় ৬০টি সংরক্ষিত বনাঞ্চলের অধিকাংশের জীববৈচিত্র্য সম্পর্কে পর্যাপ্ত বৈজ্ঞানিক তথ্য নেই। প্রজাতি ও গুরুত্বপূর্ণ আবাসস্থল চিহ্নিত করতে আরও জরিপ প্রয়োজন। বন উজাড়, কৃষি ও বসতি সম্প্রসারণে সাপ লোকালয়ে চলে আসায় মানুষ ও সাপের সংঘাত বাড়ছে। 

তিনি আরও বলেন, সাপ সম্পর্কে ভয় ও ভুল ধারণার কারণে অনেকেই নির্বিষ সাপকেও মেরে ফেলেন। 

এ প্রবণতা রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকরা। এ লক্ষ্যে বিভিন্ন প্রজাতির সাপের ছবি ও পরিচিতিসহ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন তারা। 

এতে প্রয়োজনীয় নির্দেশনার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমের প্রাপ্যতা ও সাপ উদ্ধারকারীদের যোগাযোগের তথ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিপন্ন সাপের একটি বড় অংশের আবাস পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। এসব সাপের অস্তিত্বের জন্য আবাসস্থল ধ্বংস অন্যতম বড় হুমকি। 

সাপ সংরক্ষণ শুধু একটি প্রাণীগোষ্ঠীর অস্তিত্ব রক্ষাই নয়, বরং সামগ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখারও গুরুত্বপূর্ণ শর্ত বলে জানিয়েছেন গবেষক দলের প্রধান বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের সর্পবিদ মো. সোহেল রানা। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত