সুন্দরবনে শিকারির ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার, অতঃপর অবমুক্ত
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা। পরে হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সেটিকে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের চুনকুড়ি টহল ফাঁড়ির আওতাধীন বাগদি খালি ভারানি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
কদমতলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে নিয়মিত টহলের সময় চুনকুড়ি টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে বন বিভাগের একটি দল বাগদি খালি ভারানি এলাকায় হরিণটিকে ফাঁদে আটকা অবস্থায় দেখতে পায়। পরে সেটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এরপর হরিণটিকে বনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম জানান, বন্যপ্রাণী সংরক্ষণে সুন্দরবনে নিয়মিত টহল জোরদার ও অবৈধ ফাঁদ অপসারণে গুরুত্ব দিচ্ছে বন বিভাগ। বন্যপ্রাণী শিকার ও ফাঁদ পেতে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিভি/সাতক্ষীরা/পিএইচ













মন্তব্য করুন: