মোল্লাহাটে বিএনপি-আ.লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
বাগেরহাটের মোল্লাহাটে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মধুমতী নদীর ওপর অবস্থিত খুলনা-মাওয়া মহাসড়কের আবুল খায়ের সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর গোপালগঞ্জ অংশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বাগেরহাট অংশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। দুই পক্ষ মুখোমুখি অবস্থানে থাকলেও এখন পর্যন্ত সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের একটি মিছিল দেশীয় লাঠিসোঁটা নিয়ে মোল্লাহাটের দিকে এগিয়ে এলে নদীর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু বলেন, ‘আমাদের লোকজন প্রস্তুত রয়েছে, যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোল্লাহাট উপজেলায় এপারে ঢুকতে না পারে। আমাদের নেতাকর্মীদের নির্দেশনা রয়েছে, যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে।’
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ সরে গেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভি/বাগেরহাট/পিএইচ













মন্তব্য করুন: