বিএনপি চোরের দল নয়, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী
বিএনপি চোরের দল নয়, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক-শ্রমিকের দল বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরের ভবদহ স্লুইসগেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে একটি দল চুরি করে খেয়েছে। বিএনপি চোরের দল নয়, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক-শ্রমিকের দল। ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সরকার কাজ করছে।
তিনি বলেন, যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
কৃষিমন্ত্রী আরও বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রিসভার একাধিক সদস্যও আন্তরিকভাবে কাজ করছেন।
এ সময় পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ ভবদহ-সংলগ্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় অংশ নেন তারা।
বিভি/যশোর/পিএইচ













মন্তব্য করুন: