জুলাই সনদের বিভিন্ন বিষয়ে সরকার মতলবি সিদ্ধান্ত নিয়েছে: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের আগে উভয় পক্ষই বলেছিল, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। কিন্তু এখন সনদের বিভিন্ন বিষয়ে সরকার উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত নিচ্ছে।
শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার সুযোগ থাকবে—এমন ধারাগুলো বহাল রাখতে চাওয়া হচ্ছে। অন্যদিকে, যেসব ধারা ফ্যাসিবাদী শাসনের পথ বন্ধ করবে, সেগুলোতে ভিন্নমত দেওয়া হচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। এর বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে সমানতালে লড়াই চালিয়ে যাবেন।
তবে সংসদ যদি একসময় সম্পূর্ণ অকার্যকর, অপ্রয়োজনীয় ও জাতির বোঝা হয়ে ওঠে, তাহলে তারা সেই সংসদে থাকবেন না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, জামায়াতের সাত দফা দাবি কোনো দল বা জোটের নিজস্ব দাবি নয়; এটি জনগণের দাবি। জামায়াতে ইসলামী ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করে না। তবে যারা এ ধরনের আন্দোলন করছে, তাদের সঙ্গে সরকারের কোনো আঁতাত রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে।
স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ, তাদের আশ্রয় দেওয়া এবং সম্পদ ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারার অভিযোগ তুলে তিনি বলেন, সরকারকে এ ধরনের দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে আসতে হবে।
জাতীয় ঐক্যের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার জাতীয় ঐক্যের কথা বললেও জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না করে ঐক্যের পরিবেশ নষ্ট করছে। এই দুটি বিষয় বাস্তবায়ন ছাড়া দেশে জাতীয় ঐক্য সম্ভব নয়।
সংসদের বিরোধীদলীয় নেতা জানান, সংসদ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা হয়। ওই আলোচনায় তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তারা জাতীয় ঐক্যের পক্ষেই আছেন। তবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে কখনো জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। এ দুটি বিষয় মেনে নেওয়া হলে ঐক্যের জন্য আলাদা করে কোনো সভা বা বৈঠকের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগের মতো মানুষের ওপর জুলুম শুরু করেছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। তার দাবি, ব্যাপক চাঁদাবাজি, দখলবাণিজ্য, দুর্নীতি ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে দেশের মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। অথচ জুলাই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।
তিনি বলেন, ‘বর্তমান সরকার সাড়ে ১৫ বছর আমাদের মতোই মজলুম ছিল। কিন্তু ৫ আগস্টের পর থেকে তারা সবকিছু ভুলে গেছে। অনেকে মনে করতে পারেন, ক্ষমতা হাতে নেওয়ার পর বোধ হয় তারা ভুলে গেছেন। না, তারা ৬ আগস্ট থেকেই ভুলে গেছেন। ওই দিন থেকেই আওয়ামী লীগ স্টাইলে এ দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছেন।’
প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তার ভাষ্য, এসব ব্যক্তি শুধু অযোগ্যই নন, ভয়াবহ দুর্নীতির সঙ্গেও জড়িত। অথচ আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা। কিন্তু বর্তমানে দুর্নীতি ও বৈষম্য বেড়েই চলেছে। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বিভি/এজেড













মন্তব্য করুন: