• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সাধনাটিলা বনবিহারে বিজিবির সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রত্যয়

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৮, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাধনাটিলা বনবিহারে বিজিবির সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রত্যয়

খাগড়াছড়ির দীঘিনালায় সাধনাটিলা বনবিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও পাহাড়ের সামগ্রিক উন্নয়নে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।

শুক্রবার অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, পাহাড়ের মানুষের আস্থা অর্জন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, অসহায় মানুষের আর্থিক সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় পাহাড়ে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক আস্থার বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

বিজিবির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের কথা তুলে ধরে অধিনায়ক জানান, গত ২৬ অক্টোবর দীঘিনালা উপজেলার ১০টি বৌদ্ধবিহারে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি দীঘিনালা জুম্ম ব্যান্ড দলকে পোশাক ও বাদ্যযন্ত্র উপহার দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সাধনাটিলা বনবিহারের প্রয়োজনীয়তা বিবেচনায় একটি স্টিলের আলমারি ও দুটি ফ্যান উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রয়োজন পূরণে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিজের সহধর্মিণীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষ তার কাছে ভাই-বোনের মতো। তাদের সঙ্গে নিয়েই সমাজ, ইউনিয়ন তথা দেশের উন্নয়নে এগিয়ে যেতে চান তিনি।

এ সময় সাধনাটিলা বনবিহারের সভাপতি ও চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বৌদ্ধ ভিক্ষুসংঘের বিভিন্ন পর্যায়ের ধর্মীয় গুরু, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৭ বিজিবি অধিনায়ক।

পরিশেষে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর পাশে থাকার আহ্বান জানিয়ে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিভি/এইচএমপি/এজেড

মন্তব্য করুন: