নিখোঁজ নন, ফোন বন্ধ রেখে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন সেই বিচারক
নিখোঁজের দুদিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার হয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে তাকে উদ্ধার করে পুলিশ। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যদের পাশাপাশি উদ্বিগ্ন হয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতে একটি ব্যাগ নিয়ে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে হোটেল সি-ভিউতে ওঠেন তিনি। দুই দিনের জন্য হোটেলের ১৩ নম্বর রুম ভাড়া নেন। সেখানে একাই অবস্থান করছিলেন তিনি।
এ বিষয় হোটেল সী ভিউ কুয়াকাটা এর ম্যানেজার সোলাইমান বলেন, গতকাল সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হাতে একটি ব্যাগ নিয়ে আমাদের হোটেলে আসেন। তারপর ২ দিনের জন্য তিনি হোটেলের ১৩ নম্বরের রুম ভাড়া নেন। তিনি একা এবং সুস্থ স্বাভাবিক ছিলেন। ঘুরতে যাওয়ার কথা বলে রুম থেকে বের হয়ে যান। তারপর সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি তিনি নিখোঁজ ছিলেন পরে শুনলাম পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছে। তার রুম এখনো তালাবদ্ধ অবস্থায় আছে।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হন শেখ ফারহান নাদীম। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে ওইদিন বাসায় না ফেরায় বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকেই তাকে উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, উদ্ধার হওয়া বিচারককে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বরিশাল থেকে পুলিশের একটি দল কুয়াকাটায় আসছে। তাদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/জেআইএম/এজেড













মন্তব্য করুন: